বাংলাদেশ ফুটবল দলকে শেখ হাসিনার অভিনন্দন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাফ চ্যাম্পিয়নশীপে পাকিস্তান দলকে হারিয়ে ফাইনালে উন্নীত হওয়ায় বাংলাদেশ দল ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার এক বিবৃৃতিতে তিনি বলেন, বিজয়ের এই মাসে বাংলাদেশ দলের এই বিজয় আগামীতে তাদের অনুপ্রেরণা যোগাবে। আশাপ্রকাশ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ফুটবল দল তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে ফাইনালেও বিজয় অর্জনে সক্ষম হবে।
বুধবার করাচিতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ জাতীয় দল মর্যাদার এই লড়াইয়ে ১--০ গোলে পাকিস্তানকে হারায়।
অপর এক বিবৃতিতে সাবেক ক্রীড়ামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ দলকে এ কৃতিত্বের জন্য অভিনন্দন জানান।
