প্রথম বিভাগ ক্রিকেটে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের জয়, পাপ্পা’র সেঞ্চুরি
বিকে পাপ্পা’র অনবদ্য সেঞ্চুরিতে ভর করে বুধবার প্রথম বিভাগ ক্রিকেট লিগে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ছয় উইকেটে হারিয়েছে লালমাটিয়া ক্লাবকে। দিনের অপর ম্যাচে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) পাঁচ উইকেটে হারায় প্রান্তিক ক্রীড়া চক্রকে।
সিটি ক্লাব মাঠে লালমাটিয়া ক্লাব প্রথম ব্যাট করে পাঁচ উইকেটে ২০৩ রান করে। অধিনায়ক বাবলু ১১৮ বলে ছয়টি বাউন্ডারির মাধ্যমে চমৎকার ৭২ রান করেন। জবাবে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ৩৫ দশমিক চার ওভারে চার উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের পাপ্পা ৯৯ বলে ১২টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে অনবদ্য ১১১ রান করে অপরাজিত থাকেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে প্রান্তিক ক্রীড়া চক্র প্রথম ব্যাট করে ৪৮ দশমিক পাঁচ ওভারে ১৮২ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে আজম সর্বোচ্চ ৩৫ রান করেন। সিসিএস’র রাশেদ ও সাহবুব আলম তিনটি করে উইকেট লাভ করেন।
জবাবে সিসিএস ৪৫ দশমিক পাঁচ ওভারে পাঁচ উইকেটে ১৮৪ রান করে জয় তুলে নেয়। অধিনায়ক ইয়সিন ৭৩ বলে ৫১ রান করে দলের জয়ে মূখ্য ভূমিকা পালন করেন।
