২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের রানের চাকায় পিষ্ট হয়ে ধুকছে শ্রীলংকা

দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে স্বাগতিক ভারতের রানের চাকায় পিষ্ট হয়ে ধুকছে শ্রীলংকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

স্বাগতিকদের ছুঁড়ে দেওয়া ৪৩৬ রানের পাহাড়সম টার্গেটের পেছনে ছুটে শ্রীলংকা চতুর্থ দিন শেষে পাঁচ উইকেট খুইয়ে ১২৩ রান তুলেছে। পরাজয় রোধে এখনও ৩১৩ রান দরকার সফরকারীদের।

ভারত দ্বিতীয় ইনিংসে আগেরদিনের পাঁচ উইকেটে ২৩৭ রান নিয়ে দিনের সূচনা করে। দুই অপরাজিত ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলি (২২) এবং যুবরাজ সিং (২৮) সকালের সেশনের প্রায় একঘন্টা শ্রীলংকান বোলারদের দেখেশুনে খেলে কাটিয়ে দেন। কিন্তু দলের ২৭১ রানে ঘটে বিপত্তি। ১১৫ বলে তিনটি চারে ৩৯ রান করা গাঙ্গুলি মুরলিধরনের বলে বোল্ড হয়ে ফিরে গেলে ভারতের বড় লিড নেয়াটা ঝুঁকির মধ্যে পড়ে যায়।

ষষ্ঠ উইকেট জুটিতে উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনীর ঝড়ো ব্যাটিং আর যুবরাজ সিংয়ের দায়িত্বশীল হাফসেঞ্চুরিতে সেই আশংকা উড়ে যায়। যুবরাজ ১৬৮ বলে দশটি চারে ৭৭ এবং ধোনী ৫১ বলে পাঁচটি চার ও দু’টি ছয়ে ৫১ রান করে অপরাজিত থেকে যান। দুই ইনিংস মিলিয়ে ভারতের লিড দাঁড়ায় ৪৩৫ রানের।

ভাস দুই উইকেট নেন। এছাড়া মুরলিধরন, ফার্নান্দো এবং বান্দারা একটি করে উইকেট লাভ করেন।

বড়সড় এ রানের টার্গেট তাড়া করতে নেমে শ্রীলংকা ৩০ রানে ওপেনার গুনাবর্ধনেকে হারিয়ে প্রাথমিকভাবে চাপের মধ্যে পড়লেও দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক মরভান আতাপাত্তু এবং উইকেট রক্ষক কুমারা সাঙ্গাকারার হার না মানা ৭৯ রানের পার্টনারশিপে বিপর্যয় সামাল দিতে সক্ষম হয়। দলীয় ১০৯ রানে সাঙ্গাকারা (৩৩ রান) আগারকারের বলে ধোনীর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

এরপর ছোটখাট একটা ঝড়ে মাত্র ১৮ রানে প্যাভিলিয়নে ফেরেন শ্রীলংকান তিন ব্যাটসম্যান। ১১৯ রানে আউট হন অধিনায়ক আতাপাত্তু এবং নাইটওয়াচম্যান মালিঙ্গা বান্দারা। বান্দারা শুন্যরানে আউট হলেও আতাপাত্তু কুম্বলের বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে ১২৯ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান উপহার দিয়ে যান।

কুম্বলে দু’টি, পাঠান, আগারকার ও হরভজন সিং একটি করে উইকেট তুলে নেন।