ভিয়েতনামে ম্যাচ পাতানোর অভিযোগে চার খেলোয়াড়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
নভেম্বর মাসে ফিলিপাইনে অনুষ্ঠিত দক্ষিণপূর্ব এশিয়ান গেমস প্রতিযোগিতার ফুটবল ম্যাচে ম্যাচ পাতানোর অভিযোগের প্রেক্ষিতে ভিয়েতনামের পুলিশ জাতীয় ফুটবল দলের চার খেলোয়াড়কে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে।
স্ট্রাইকার ফাম ভ্যান কুয়েনসহ ভিয়েতনামের চার জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মায়ানমারা ও মালয়েশিয়ার বিরুদ্ধে পাতানো ম্যাচে অংশ নেয়ার জন্য ভিয়েতনামের জুয়াড়িদের কাছ থেকে অর্থ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত বাকি তিন ফুটবলার হলেন-ডিফেন্ডার ট্রান হাই ল্যাম, লি ব্যাট হিউ এবং লি ভ্যান ট্রাউং।
এ ব্যাপারে ভিয়েতনাম ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান এনগুয়েন ট্রং হাই বলেন, আমি রীতিমত ক্ষুব্ধ।
মালয়েশিয়া ও মায়ানমারের বিরুদ্ধে ম্যাচে অভিযুক্ত খেলোয়াড়বৃন্দ মেনে নেয়া যায় না এমন অনেক ভুল করেছেন বলে অভিযোগ উঠেছে।
অবশ্য দুটি খেলাতেই ভিয়েতনাম জয়লাভ করেছে। তারা মায়ানমারকে ১--০ এবং মালয়েশিয়াকে ২--১ ব্যবধানে হারায়। তবে ফাইনালে থাইল্যান্ডের কাছে ভিয়েতনাম হেরে যায়।
