২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলে ভারতের সাথে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

গ্রুপ প চ্যাম্পিয়ন হয়েই সাফ চ্যাম্পিয়নশীপের সেমিতে উঠেছে বাংলাদেশ। সোমবার করাচির পিপলস স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ ১--১ গোলে শক্তিশালী ভারতের সাথে ড্র করে বি গ্র“পের চ্যাম্পিয়ন হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

এই ড্রয়ের ফলে গোল ব্যবধানে ভারতের তুলনায় এগিয়ে থাকায় গ্র“প চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বুধবার সেমিফাইনালে বাংলাদেশ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে। অন্যদিকে বি গ্র“পের রানার্স আপ ভারত একইদিন একই ভেন্যুতে এ গ্র“পের চ্যাম্পিয়ন মালদ্বীপের বিরুদ্ধে লড়বে। 

খেলার নবম মিনিটে ভারতের ক্লাইমেক্স লরেন্স প্রথম গোল করেন। ৮১ মিনিটে বাংলাদেশের পক্ষে এমিলি গোল করে খেলায় সমতা ফেরান।

সোমবার ভারতের বিরুদ্ধে বাংলাদেশের কোচ আন্দ্রে ক্রুসিয়ানি নিয়মিত একাদশের সাত ফুটবলারকে বিশ্রাম দেন। ভুটান ও নেপালকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় নিয়মিত একাদশের ফরহাদ, কাঞ্চন, অধিনায়ক জয়, আরমান, সুজন, রজনী এবং গোলরক্ষক আমিনুলকে ছাড়াই মাঠে নামে বাংলাদেশ।

তাছাড়া নেপালের বিরুদ্ধে আগের ম্যাচে দলের পাঁচ ফুটবলার হলুদ কার্ডের খাড়ায় পড়ে যাওয়ায় সেমিফাইনালের আগে কোন ঝুঁকি নিতে চাননি কোচ ক্রুসিয়ানি। তবে আলফাজের উপরও হলুদ কার্ডের চোখ রাঙানি থাকলেও খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে শাহাজউদ্দিন টিপুকে উঠিয়ে তাকে মাঠে নামান কোচ।

ম্যাচের প্রথমার্ধ ভারতের নিয়ন্ত্রণে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। 

ভারপ্রাপ্ত অধিনায়ক হাসান আল মামুনের নেতৃত্বে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে শুধু উজ্জীবিতই হয়নি বরং এই অর্ধে অন্তত তিনটি সহজ গোলের সুযোগও তৈরি করে।

বিরতির পর (৫০ মিনিট) ভারতের মহেশের দুরপাল্লার একটি শট বাংলাদেশের গোলপোস্ট ঘেঁষে বাইরে চরে গেলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

৫২ মিনিটে প্লেমেকার মুন্নার বাড়িয়ে দেওয়া পাসে আবুলের দুর্বল কোনাকুনি শটটি ধরতে ভারতীয় গোলরক্ষকের কোন সমস্যাই হয়নি। ৮০ মিনিটে উজ্জ্বলও ভারতীয় গোলরক্ষককে একা পেয়েও তার হাতে বল তুলে দেন।

৮১ মিনিটে ভারতের সীমানার মধ্যে মুন্নার ছোট পাসে পা ছুঁয়ে চমৎকার প্লেসিং শটে গোল করে খেলায় সমতা ফেরান জাহিদ হোসেন এমিলি। 

একইদিন গ্র“পের অপর খেলায় নেপাল ৩--১ গোলে ভুটানকে হারিয়েছে।

বাংলাদেশ: বিপ্লব, হাসান আল মামুন, ফয়সাল হোসেন, নজরুল, পাভেজ বাবু, আরমান আজিজি, মুন্না, আবুল, উজ্জ্বল, টিপু (আলফাজ), এমিলি।