২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটে ফেবারিটদের শুভ সূচনা

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে সবকটি ফেবারিট দলই জয়ের মুখ দেখেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 08:39 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

সোমবার দেশের বিভিন্ন ভেন্যুতে জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস, রানার্স আপ সিটি ক্লাব, শিরোপা প্রত্যাশী মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং আবাহনী লিমিটেড।

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএস ৫৭ রানে সোনারগাঁও ক্রিকেটার্সকে, ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে সিটি ক্লাব ছয় উইকেটে কলাবাগান কেসিকে, বিকেএসপি এক নম্বর মাঠে মোহামেডান ৬৬ রানে অগ্রনী ব্যাংককে, কুমিল্লা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন পাঁচ উইকেটে বিমানকে, বিকেএসপি দুই নম্বর মাঠে ভিক্টোরিয়া সাত উইকেটে ওরিয়েন্টকে এবং বগুড়া স্টেডিয়ামে আবাহনী লিমিটেড সাত রানে ইন্দিরা রোডকে হারিয়েছে।

সিটি ক্লাব বনাম কলাবাগান

প্রথমে ব্যাট করে কলাবাগান উদ্বোধনী জুটির ১০৭ রানের পার্টনারশিপে ভর করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২১৮ রানের সম্মানজনক স্কোর গড়ে।

ওপেনার সাজু দত্ত ৭০ বলে ৪৭ এবং উত্তম কুমার ৮১ বলে ৫৭ রান করেন। একপর্যায়ে তারা ১৫০ রানের মধ্যে পাঁচ উইকেট হারায়। পরবর্তীতে মাহবুবুল করিমের ৩৯ রানের সুবাদে কলাবাগান ২০০ রানের কোটা পেরোতে সক্ষম হয়।

জবাবে সিটি ক্লাব চার উইকেটে ২২২ রান করে জয় তুলে নেয়। জাতীয় দলের ওপেনার শাহরিয়ার নাফিস ৯৬ বলে ৮২ এবং তুষার ইমরান ৫৫ বলে ৫০ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

মোহামেডান বনাম অগ্রনী ব্যাংক

প্রথম ব্যাট করে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫০ ওভারে নয় উইকেট খুইয়ে ২৩০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।

দলের পক্ষে হাবিবুল বাশার ১২৬ বলে চারটি চার ও একটি ছয়ে সর্বোচ্চ ৮০ রান করেন। এছাড়া খালেদ মাসুদ ২৯, মনিরুজ্জামান ২৬ এবং ধীমান ঘোষ ২২ রান করেন।

জবাবে দুর্বল অগ্রনী ব্যাংক দুই স্পিনার সাব্বির খান ও মনিরুল ইসলামের মারাত্মক বোলিংয়ে মাত্র ১৬৪ রানেই অলআউট হয়ে যায়। ব্যাংকের টপ অর্ডার ব্যাটসম্যানরা কিছুটা দৃঢ়তা দেখাতে সক্ষম হলেও নীচের দিকের ব্যাটসম্যানদের কাছ থেকে কার্যকর সহায়তা না পাওয়ায় পরাজয় ঠেকানো সম্ভব হয়নি।

জামাল ফয়সাল ৫৬, তৌহিদ ২২ এবং কলিম ২০ রান করেন।

ব্রাদার্স ইউনিয়ন বনাম বিমান

প্রথম ব্যাট করে বিমান অলরাউন্ডার মুশফিকুরের অপরাজিত ৬৭ রান সত্ত্বেও নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে মাত্র ১৮০ রান তুলতে সক্ষম হয়। মুশফিক ১২০ বরে দু’টি চার ও একটি ছয়ে এই রান করেন।

ব্রাদার্সের জাতীয় দলের পেসার নাজমুল হোসেন চার উইকেট নিয়ে বিমানের টপঅর্ডার গুড়িয়ে দেন এবং এক পর্যায়ে ৫৫ রানে তারা পাঁচ উইকেট হারায়। পরবর্তীতে মুশফিক এবং হাসানুজ্জামান ঝড়– সপ্তম উইকেট জুটিতে মূল্যবান ৮৪ রান করে দলের বিপর্যয় সামাল দেন। ঝড়– ৪৭ রান করে আরাফাত সানীর বলে আউট হন।

জবাবে ব্রাদার্স ইউনিয়নও ব্যাটিংয়ের শুরুতে ধাক্কা খেলেও মিডলার্ডারের দৃঢ়তার কারণে শেষ পর্যন্ত পাঁচ উইকেটে ১৮১ রান করে জয় তুলে নিতে সমর্থ হয়। এহসানুল হক ৯৭ বলে ৮৪ এবং আরাফাত সানী ৮৪ বলে ৩৫ রান করেন।   

ভিক্টোরিয়া বনাম ওরিয়েন্ট

প্রথম ব্যাট করে দুইবারের চ্যাম্পিয়ন ওরিয়েন্টের ফিরোজ আলমের ৫৭ রানের সুবাদে এক বল বাকি থাকতেই ১৬৮ রানে সবকটি উইকেট হারায়। এছাড়া নাজমুল ইসলাম ২৯ ও সাইফুল্লাহ ২৬ রান করেন।

জবাবে ভিক্টোরিয়া ১৩ বল হাতে রেখেই তিন উইকেট খুইয়ে ১৭২ রান করে সহজইে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সাজ্জাদুল ৫৫, নাসিরউদ্দিন ৫৪ রান করেন।   

আবাহনী বনাম ইন্দিরা রোড

টসে জিতে ইন্দিরা রোড প্রথমে আবাহনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। আবাহনী মিডল অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২০৭ রান করে।

পাঁচ নম্বরে নেমে ফয়সাল হোসেন ডিকেন্স সর্বোচ্চ ৪৮ রান করেন। এছাড়া অধিনায়ক নিয়ামুর রশিদ রাহুল ৪৪ এবং আলী আরমান ৩০ রানে অপরাজিত থাকেন। আবাহনীর তৃতীয় সর্বোচ্চ ৪০ রান আসে অতিরিক্ত থেকে।

জবাবে ইন্দিরা রোড ৪৯ ওভারে ২০০ রানে অল আউট হয়ে যায়। আবাহনীর জাতীয় দলের পেসার আনোয়ার হোসেন মনির তিনটি এবং আহসানুল্লাহ হাসান দু’টি উইকেট লাভ করেন।