প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় দিয়ে ডিওএইচএস’র শুভ সূচনা
জয় দিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগ অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সোমবার লিগের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়নরা ৫৭ রানে হারিয়েছে নবাগত সোনারগাঁও ক্রিকেটার্সকে।
দলবদলের মাধ্যমে মোহাম্মদ আশরাফুল এবং মোহাম্মদ রফিকের মত তারকা ক্রিকেটারদের দলে টানলেও মাঠের পারফরম্যান্সে তার কোন লক্ষণ ছিল না। ধানমন্ডির স্লো এবং টার্নিং পিচে ডিওএইচএস’র ২২৫ রানের চ্যালেঞ্জিং স্কোরের জবাবে সোনারগাঁও ১৬৮ রানে অল আউট হয়ে যায়।
টস জিতে প্রথম ব্যাটিং করে ডিওএইচএস দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফরহাদ রেজাকে হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে নাজিমউদ্দিন আর মাহমুদুল্লাহ মূল্যবান ৫৮ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। নাজিম ৩২ রান করে রফিকের বলে আউট হন। অন্যদিকে দলীয় ৭২ রানে রিয়াদ (২০) আউট হন। ১৯ রানে পাঁচ উইকেট নিয়ে রফিকই ছিলেন সেরা বোলার।
এরপর ম্যান অব দ্য ম্যাচ কেনিয়ার স্টিভ টিকোলো এবং জাতীয় দলের অলরাউন্ডার মাঞ্জারুল ইসলাম রানা ৪৮ রানের পার্টনারশিপ গড়েন। রানা ১৯ রান করে ইলিয়াস সানীর শিকারে পরিণত হন।
এরপর জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের সাথে জুটি বেধে টিকোলো আরও ৫৮ রান করেন। আকরাম খান ২৩ বলে ২৫ রান করে রবিনের বলে ডিপ স্কয়ার লেগে সঞ্চয়ের হাতে ধরা পড়েন। টিকোলো ৭২ বলে পাঁচটি চার ও দু’টি ছক্কার মাধ্যমে ৭৪ রান করে রফিকের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে আশরাফুলের হাতে ক্যাচ দেন।
ইলিয়াস সানী ও মাহবুবুল আলম দু’টি করে উইকেট লাভ করেন।
জবাবে সোনারগাঁও ক্রিকেটার্স ফরহাদ রেজা, টিকোলো, সুপার সাব এনামুল হক মনি এবং মাঞ্জার রানার নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে মাত্র ১৬৮ রানে গুটিয়ে যায়। ফরহাদ রেজা তিনটি, টিকোলো, রানা ও এনামুল হক দু’টি করে উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোর: ওল্ড ডিওএইচএস- ৪৭ দশমিক তিন ওভারে ২২৫/১০ (টিকোলো ৭৪, নাজিমউদ্দিন ৩২, আকরাম ২৫, রিয়াদ ২০, রানা ১৯, অতিরিক্ত ৩৫, রফিক ৫/১৯, ইলিয়াস ২/৫৫, রবিন ২/৫৬)।
সোনারগাঁও ক্রিকেটার্স- ৩৭ দশমিক পাঁচ ওভারে ১৬৮/১০ (নাঈম ২৫, রবিন ২৪, আশরাফুল ২২, ইলিয়াস ২০, সঞ্চয় ১৯, অতিরিক্ত ১২, ফরহাদ ৩/২৩, টিকোলো ২/৯, রানা ২/২৯, এনামুল হক ২/৩৫)।
