২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনজাতি ক্রিকেটে প্রথম পরাজয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ

তিনজাতি অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম পরাজয়ের স্বাদ নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে রোববার শ্রীলংকার বিরুদ্ধে শেষ গ্র“প ম্যাচে ১৪ রানে হার মানে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বিকেএসপিতে মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনালেও মখোমুখি হবে এই দুই দল। ভারতে অনুষ্ঠিত আফ্রো এশিয়া অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টে তিনটি এবং চলতি তিনজাতি টুর্নামেন্টের পাঁচটি- মোট আট ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ নিতে হল বাংলাদেশকে।

টুর্নামেন্টে আগের দুইবারের সাক্ষাতে বাংলাদেশের বিরুদ্ধে পরাজিত শ্রীলংকা এদিন টস জিতে প্রথম ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৪০ রান করে।

শ্রীলংকা দলের উদ্বোধনী ব্যাটসম্যান এস সয়জা ৪৬ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন। এছাড়া সেরাসিঙ্গে ৭৫ বলে করেন ৪৫ রান।

সফরকারী দলটি এক পর্যায়ে ১৭৪ রানে আট উইকেট হারালেও নবম উইকেট জুটিতে পেরেরা এবং পুষ্পকুমারার ঝড়োগতিতে ৬৬ রান তুলে নিলে ২৪০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয়। পেরেরা ২৭ বলে ৩৮ এবং পুষ্পকুমারা ২২ বলে ২৯ রান করেন।

বাংলাদেশের মেহরাব হোসেন ৪২ রানে তিনটি এবং সাকিব আল হাসান ৪৯ রানে দু’টি উইকেট লাভ করেন।

জবাবে বাংলাদেশ পুষ্পকুমারা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২৬ রানে অলআউট হয়ে যায়। পুষ্পকুমারা এবং ম্যাথিউস ছয়টি উইকেট ভাগাভাগি করে নেন।

দলীয় চার রানে ওপেনার রাকিবুল হাসান ফিরে গেলেও দ্বিতীয় উইকেট জুটিতে তামিম ইকবাল এবং সিরাজুল্লাহ খাদেম ৮০ রান করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। পুষ্পকুমারা এই জুটিতে ভাঙ্গন ধরান। ইনফর্ম তামিম ৪৫ বলে আটটি চার ও একটি ছয়ে ৫৫ রান করে এলবিডব্লিউ হন। সাকিব আল হাসান ৭৬ বলে সাতটি চারের সহায়তায় করেন ৭৭ রান। এরপরও দলের পরাজয় ঠেকানো সম্ভব হয়নি।

দলকে বিপদে রেখে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে যান দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান সোহরাওয়ার্দী শুভ ও মেহেদী হাসান।

পুস্পকুমারা ৩৯ রানে চারটি এবং ম্যাথিউস ৩৫ রানে দু’টি উইকেট তুলে নেন।