প্রথমবারের মত পৃষ্ঠপোষক ছাড়াই মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগ
কোনরকম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়াই সোমবার থেকে মাঠে গড়াচ্ছে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ন ক্রিকেট আসর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে ছয়টি খেলা।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেট নিজস্ব একটা অবস্থান গড়ে নিলেও দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত প্রিমিয়ার ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করার মত কোন প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মার্কেটিং কমিটির চেয়ারম্যান আহমেদ ইকবাল হাসান মঙ্গলবার পৃষ্ঠপোষক না পাওয়ার বিষয়টি ঢাকা মহানগর ক্রিকেট কমিটির (সিসিডিএম) চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিনকে জানিয়েছেন।
সিসিডিএম চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন রোববার বিডিনিউজকে জানান, অল্প সময়ের মধ্যে স্পন্সর জোগাড় করা কঠিন একটি কাজ, তবে আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি জানান, লিগ চলাকালীন সময়েও স্পন্সর পাওয়া যেতে পারে।
এদিকে বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনের কারণে প্রিমিয়ার লিগের ভেন্যু ময়মনসিংহ থেকে সরিয়ে বিকেএসপিতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। এছাড়া ঢাকার বাইরের দু’টি ভেন্যু-বগুড়া ও কুমিল্লা, লিগ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমখি হবে আকরাম খানের নেতৃত্বাধীন গতবারের চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস এবং আল শাহরিয়ার রোকনের নেতৃত্বাধীন নবাগত সোনারগাঁও ক্রিকেটার্স। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ লিগের উদ্বোধন করবেন।
সোনারগাঁও ক্রিকেটার্স জাতীয় দলের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলকে রেকর্ড পরিমান অর্থের বিনিময়ে দলে টানার পাশাপাশি মোহাম্মদ রফিক, আল শাহরিয়ার রোকন, নাইমুর রহমান দুর্জয়, তাপস বৈশ্য, ইলিয়াস সানী, নাঈম ইসলাম এবং নাবিল সামাদের মত সাবেক ও বর্তমান তারকাদের দলে টেনেছে।
চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস শিরোপা ধরে রাখতে খালেদ মাহমুদ, মাঞ্জারুল ইসলাম রানা, আব্দুর রাজ্জাক রাজ, ফরহাদ রেজা, গোলাম রহমান হিমেল, শাফাক আল জাবিরকে তাদের তাঁবুতে নিয়ে এসেছে।
সিসিডিএম এবারই প্রথম ঢাকার বাইরে নিয়ে যাচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগ। সিসিডিএম সদস্য সচিব জামিল-এ-সাত্তার বিডিনিউজকে জানান, লিগের বাজেট ধরা হয়েছে ৭০ লাখ টাকা। ঢাকার বাইরের ম্যাচে অংশগ্রহনকারী দলগুলোর থাকা, খাওয়া এবং যাতায়াত বাবদ খরচ হবে ১২ লাখ টাকা।
লিগ ভিত্তিক খেলায় অংশ নেবে ১২টি দল এবং এখান থেকে ছয়টি দল সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। উদ্বোধনী দিনের অন্যান্য খেলাগুলো হচ্ছে- সিটি ক্লাব বনাম কলাবাগান কেসি (ফতুল্লা), ভিক্টোরিয়া বনাম ওরিয়েন্ট ক্লাব (বিকেএসপি), মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম অগ্রনী ব্যাংক (বিকেএসপি), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বনাম ব্রাদার্স ইউনিয়ন (কুমিল্লা স্টেডিয়াম) এবং আবাহনী লিমিটেড বনাম ইন্দিরা রোড ক্লাব (বগুড়া স্টেডিয়াম)।
