জাতীয় ক্রিকেট লিগে পুলভুক্ত ক্রিকেটারদের দুর্বল পারফরম্যান্স
গত ছয় মাসে বিভন্ন সময়ে জাতীয় দলে প্রতিনিধিত্বকারী পুলভুক্ত ২০ জন ক্রিকেটারের মধ্যে তিন জন ব্যাটসম্যান এবং সমসংখ্যক বোলার চলতি ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের একদিনের ম্যাচে শীর্ষ দশে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন।
তৃতীয় রাউন্ডের খেলা শেষে জাতীয় লিগ ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। অবশ্য বন্ধ হওয়ার কারনটা ভিন্ন রকমের। সারাদেশে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, আর এই কারণেই আপাতত বন্ধ রাখা হচ্ছে জাতীয় লিগ।
জাতীয় দলের ব্যাটসম্যান রাজিন সালেহ ১৪০ রান করে ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। ১৪৬ রান করে শীর্ষে রয়েছেন চট্টগ্রামের ব্যাটসম্যান ফয়সাল হোসেন ডিকেন্স। লিগের প্রথম সেঞ্চুরিটি অবশ্য হাঁকিয়েছেন রাজিন।
ব্যাটসম্যাদের তালিকায় ৯৫ রান করে সপ্তম স্থানে রয়েছেন খুলনার মাঞ্জারুল ইসলাম রানা। ৮৫ রান করে তালিকার তলানীতে অবস্থান করছেন জাতীয় দলের স্পিনার মোহাম্মদ রফিক। ব্যাটিংয়ে সবার শেষে অবস্থান করলেও বোলিংয়ের শীর্ষস্থানটা কিন্তু রফিকের দখলেই রয়েছে। এ পর্যন্ত তার ঝুলিতে জমা পড়েছে আট উইকেট। জাতীয় দলের বাদ পড়া পেসার মোহাম্মদ শরীফও আট উইকেট শিকার করলেও বেশি রান খরচ করার সুবাদে রফিকের পেছনে অবস্থান করছেন। খালেদ মাহমুদ ছয় উইকেট নিয়ে ষষ্ঠ এবং পেসার নাজমুল হোসেন চার উইকেট নিয়ে সবার শেষে রয়েছেন।
জাতীয় দলের দুই নির্ভরযোগ্য পেসার মাশরাফি বিন মুর্তজা এবং তাপস বৈশ্য ইনজুরির কারণে এবার লিগে অংশগ্রহন করতে পারছেন না।
চারদিনের ম্যাচে ব্যাটসম্যানদের শীর্ষ দশ তালিকার শীর্ষে রয়েছেন জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ ওমর। চার ইনিংসে দু’টি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরির মাধ্যমে ৩৭৬ রান করেছেন এই ওপেনার। দু’টি অধর্শতকে ২৪৮ (ছয় ইনিংস) রান নিয়ে চতুর্থ স্থানে আছেন জাতীয় দলের আরেক ওপেনার শাহরিয়ার নাফিস, এছাড়া পাঁচ ইনিংসে তিনটি অর্ধশতকে ২৩৫ রান করে তারপরই অবস্থান করছেন জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার। ২১৯ রান (পাঁচ ইনিংস, এক সেঞ্চুরি) করে সপ্তম স্থানে রয়েছেন মাঞ্জারুল ইসলাম রানা। তালিকার একেবারে নীচের স্থানটিতে রয়েছেন খালেদ মাহমুদ (১৯০ রান)।
ওয়ানডের মত বড় দৈর্ঘ্যরে ম্যাচেও বোলিংয়ের শীর্ষস্থানটা নিজের দখলে রেখেছেন মোহাম্মদ রফিক। এক্ষেত্রে তার শিকারসংখ্যা ২১। রফিক ছাড়া বোলাদের তালিকায় নবম স্থানে অবস্থান করছেন জাতীয় দলের পেসার নাজমুল হোসেন। তার সংগ্রহে রয়েছে ১১ উইকেট।
একদিনের ম্যাচে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকা-
ফয়সাল হোসেন ডিকেন্স (১৪৬), রাজিন সালেহ (১৪০), মনিরুজ্জামান (১৩২), নাঈম ইসলাম (১১৭), ফরহাদ হোসেন (১০৮), রাশেদুল হক (১০২), মাঞ্জারুল ইসলাম রানা (৯৫), এহসানুল হক (৯১), রেজাউল করিম (৮৬), মোহাম্মদ রফিক (৮৫)।
একদিনের ম্যাচে সর্বাধিক উইকেট নেয়া বোলারদের তালিকা-
রফিক (৮/৭৩), মোহাম্মদ শরীফ (৮/৮৮), কামরুল হাসান (৭/৬৯), শাফাক আল জাবির (৬/৭১), আব্দুর রাজ্জাক (৬/৭৪), খালেদ মাহমুদ (৬/১৩৬), জিয়াউর রহমান (৫/৬২), মুশফিকুর রহমান (৫/৬২), আরাফাত সালাহউদ্দিন (৪/৪৯), নাজমুল হোসেন (৪/১৪৯)।
চারদিনের ম্যাচে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকা-
জাভেদ ওমর (৩৭৬), এহমানুল হক (৩১২), অলক কাপালী (২৫৮), শাহরিয়ার নাফিস (২৪৮), হাবিবুল বাশার (২৩৫), ইমরান আহমেদ (২২৯), মাঞ্জারুল ইসলাম রানা (২১৯), মনিরুজ্জামান (২০০), ওয়াসেলউদ্দিন আহমেদ (১৯২), খালেদ মাহমুদ (১৯০)।
চারদিনের ম্যাচে সর্বাধিক উইকেট নেয়া বোলারদের তালিকা-
মোহাম্মদ রফিক (২১/৩৫৭), জামালউদ্দিন বাবু (১৭/২১৩), ইয়াসিন আরাফাত (১৭/৪৩৩), এনামুল হক জুনিয়র (১৪/৩৯০), ইলিয়াস সানী (১৩/২১৩), হাসিবুল হোসেন (১২/১৪৪), আরাফাত সালাহউদ্দিন (১১/২১৭), আশিকুর রহমান (১১/২৩৭), নাজমুল হোসেন (১১/২৫৫), আলমগীর কবির (১১/৩০৫)।
