২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শচীনের রেকর্ড ভাঙ্গা সেঞ্চুরিতে দিল্লি টেস্টে সুবিধাজনক অবস্থানে ভারত

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শচীন টেন্ডুলকারের রেকর্ডভাঙ্গা সেঞ্চুরির (৩৫তম) ওপর ভর করে বড় সড় সংগ্রহের দিকে এগোচ্ছে স্বাগতিক ভারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 07:11 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

এ যাবতকালে টেস্ট ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির মালিক স্বদেশী সুনীল গাভাস্কারের ৩৪টি সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ আসনটিতে বসে গেছেন শচীন। গাভাস্কারের সমান (১২৫) টেস্ট খেলে সেঞ্চুরির দিক থেকে এগিয়ে গেলেন লিটল মাস্টার। মজার ব্যাপার হচ্ছে এই শ্রীলংকার বিরুদ্ধেই ভারতের মাটিতে ৩৪তম সেঞ্চুরিটি করেছিলেন গাভাস্কার। কানপুরের সেই রেকর্ডটিই এতদিন তাকে সর্বোচ্চ আসনটিতে ধরে রেখেছিল।

বাংলাদেশের বিরুদ্ধে গত ১১ ডিসেম্বর ৩৪তম সেঞ্চুরি করে গাভাস্কারের পাশে এসে দাঁড়িয়েছিলেন টেন্ডুলকার।একই সাথে টেস্ট ক্রিকেটে টেন্ডুলকার গাভাস্কারের করা দশ হাজার ১২২ রানের সংখ্যাটিও অতিক্রম করে গেছেন।

১৯৮৯ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা শচীন দীর্ঘ পথপরিক্রমায় বহু রেকর্ড নিজের করে নিয়েছেন। ওয়ানডে ক্রিকেটেও সমানভাবে সফল এই ব্যাটিং জিনিয়াস। ওয়ান ডে ক্রিকেটে ৩৫৮টি ম্যাচে করেছেন ১৩ হাজার ৯০৯ রান। ৩৮টি ওয়ানডে সেঞ্চুরিও রয়েছে তার ঝুলিতে। ৫১ বার  পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

টসে জিতে ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু মাত্র দুই রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীরকে ফিরিয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেন শ্রীলংকার পেসার চামিন্দা ভাস। দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক দ্রাবিড় এবং ভিভিএস লক্ষণ ৫৪ রান করে সেই প্রাথমিক বিপর্যয় কিছুটা সামাল দিলেও জ্বর নিয়ে খেলতে নামা দ্রাবিড় ২৪ রান করে মুরলিধরনের ঘূর্ণি বলে মুবারকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিলে আবারও বিপদে পড়ে স্বাগতিকরা।

তৃতীয় উইকেট জটিতে লক্ষণকে সাথে নিয়ে লড়াই শুরু করেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। এই জুটিতে রান ওঠে ৭৭। লক্ষণ ১১৭ বলে ১২টি বাউন্ডারির মাধ্যমে দলীয় ১৩৩ রানে যখন মুরলির বলে উইকেটের পেছনে সাঙ্গাকারার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তখন তার নামের পাশে লেখা হয়েছে ৬৯ রান। 

এরপরের ইতিহাস টেন্ডুলকার আর সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির লড়াইয়ের ইতিহাস। টেন্ডুলকারের সেঞ্চুরি পূরণের সাথে সাথেই দিনের খেলার পর্দা নামে। ১৭৭ বলে সাজানো ১০০ রানের মধ্যে টেন্ডুলকার ১৩ বার মাটি কামড়ে আর একবার ফিল্ডারদের মাথার উপর দিয়ে বল মাঠের বাইরে পাঠান। অন্যপ্রান্তে ক্যারিয়ার নিয়ে লড়তে থাকা কলকাতার যুবরাজ সৌরভ ধীরস্থিরভাবে ৩৯ রান করলেও শচীনকে ভালোই সঙ্গ দিয়ে গেছেন। স্বাগতিকরা দিন শেষে ২৪৫ রান সংগ্রহ করেছে।