মুক্তিযোদ্ধার কাছে পয়েন্ট হারিয়েও আবাহনী শীর্ষে
আবাহনীর ষ্ট্রাইকার মনোয়ার হোসেনের অপরাধ মারাত্মক। তার সামনে ৫ গজ দূরে মুক্তিযোদ্ধার গোলকিপার টিটু একা। মনোয়ার বলে পা লাগালেই গোল। কিন্তু অতি সহজের মতো কঠিন কাজটি তিনি করতে পারেননি। পেছন থেকে এসে মুক্তিযোদ্ধার এক ডিফেন্ডার বলটিকে টেনে নিয়ে গেলেন।
এই সুযোগটাই ছিল আবাহনীর জন্য ম্যাচের সবচেয়ে বড় ও নিশ্চিত সুযোগ। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটের এই দৃশ্যটি অনেকদিন পোড়াবে আবাহনী সমর্থকদের। আবাহনীর যারা কড়া সমর্থক তারা মনোয়ারের এই অপরাধ সহজে মেনে নিতে পারবেন বলে মনে হয় না। গত খেলায়ও আবাহনী এমন সুযোগ আরো বেশ ক’টি পেয়েছিল। তারা প্রথম সুযোগটি নষ্ট করে ম্যাচের প্রথমার্ধের ৪১ মিনিটে। এবারও মনোয়ার (১৭ নম্বর)। বলে পা লাগাতে না পারায় সুযোগটা হাতছাড়া হয়ে যায়। তারপর দ্বিতীয়ার্ধটাকে অনেকটাই আবাহনীর বলা যায়। তারা এই অর্ধে যতটি গোলের সুযোগ সৃষ্টি করেছিল তার কাছেও যেতে পারেনি মুক্তিযোদ্ধা। ৪১মিনিটের মাথায় মুক্তিযোদ্ধার একটি শট আবাহনী গোলকিপার নিজাম ঠেকিয়ে দেন। এটিই ছিল মুক্তিযোদ্ধার প্রথম এবং শেষ সুযোগ। আবাহনীর টিম ম্যানেজার সত্যজিৎ দাস রূপু তাই আক্ষেপ করে বলেন, ‘আমার টিম যত সুযোগ পেয়েছে, তাতে আমাদের ৩-০ গোলে জেতা উচিৎ ছিল।’ এই কথার পরপরই তিনি বললেন, আবাহনীর নিয়মিত দুই ষ্ট্রাইকার আজকের ম্যাচে খেলতে পারেননি। ইকবাল অসুস্থ। তাছাড়া তাদের নিয়মিত ৪ খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলতে গেছেন করাচি।
নিটল-টাটা জাতীয় ফুটবল লীগে এটি ছিল কক্সবাজার অঞ্চলের শেষ ম্যাচ। একে তো শেষ ম্যাচ, তার উপর আবাহনী ও মুক্তিযোদ্ধা। কক্সবাজারের মানুষেরা ছিল ষ্টেডিয়ামমুখী। অন্য দিনগুলোতে খেলা শুরু হলে আস্তে আস্তে মানুষ আসতো। এবার ব্যতিক্রম। খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই গ্যালারির গেইট বন্ধ করে দিতে হয়েছে। ষ্টেডিয়াম নয় যেন ছিল জনতার সমুদ্র। এই মানুষগুলো ঢাকার মাঠে গিয়ে কখনো আবাহনী-মুক্তিযোদ্ধার ম্যাচ দেখতে পারবে না। তাই স্বপ্নের দলগুলোর খেলা দেখতে মাঠে এসেছিল তারা। কিন্তু একি ! খেলায় কোন চাঞ্চল্য নেই। প্রথমার্ধে ফুটবল নামের গোল বস্তুটি বারবারই আবাহনীর বিপদ সীমায় ঘুরলেও মুক্তিযোদ্ধা গোল বানাতে পারেনি একটিও। আবাহনীর ফরোয়ার্ড লাইনের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয়ার্ধে এসে আবাহনী এই দৈন্য কিছুটা ঘুচালেও গোল নামের সোনার হরিণটির দেখা পায়নি একবারও। মুক্তিযোদ্ধার ডিফেন্স লাইনের চার স্তম্ভ এনামুল, নাইজেরিয়ান চার্লস ঘানসা, দ্বীন মোহাম্মদ ও আজিজি ভালো ভাবেই সামাল দিয়েছেন তাদের গোল লাইন।
আবাহনী বৃহস্পতিবার মাঠে নেমেছিল ৬ পয়েন্ট হাতে নিয়ে আর মুক্তিযোদ্ধার ছিল ৪ পয়েন্ট। আবাহনী আগের দু’ম্যাচে ফেনীর সকার ক্লাবকে ৫-১ গোলে এবং ঢাকা মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট হাতে নেয়। আবাহনী ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান নিয়েছে। মুক্তিযোদ্ধা আগের দু’ম্যাচের একটিতে ঢাকা মোহামেডানের সাথে গোল শূন্য ড্র ও অপরটিতে ফেনী সকার ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছিল। এখন তাদের সংগ্রহ ৫ পয়েন্ট।
ম্যাচের পুরোটা সময় জুড়ে দারুণ দক্ষতায় আবাহনীর মাঝ মাঠ সামলিয়েছেন ক্যামেরুনের এনডেম এ কিয়াক (১৫ নম্বর)। ম্যাচ কমিটিও তাকে নিরাশ করেনি। খেলা শেষে ম্যাচ সেরা নির্বাচিত করা হয়েছে এই মিডফিল্ডারকে। শেষ দিনে মাঠে ছিলেন কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
