জাতীয় লীগে মোহামেডানের প্রথম জয়
অবশেষে পরাজয় আর দুর্ভাগ্যের বৃত্ত থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে ঢাকা তথা দেশের অন্যতম ফুটবল শক্তি মোহামেডান স্পোর্টিং ক্লাব। স্থানীয় স্টেডিয়ামে নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগে বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে রাঙ্গামাটি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখেছে সাদাকালো জার্সিধারীরা।
দশ হাজারেরও বেশি দর্শকে পূর্ণ স্টেডিয়ামে মোহামেডানের পক্ষে মিন্টু ও নাইজেরিয়ার এমেকা একটি করে গোল করেন। অন্যদিকে রাঙ্গামাটি মোহামেডানের হয়ে একটি গোল পরিশোধ করেন উগান্ডার মুতেবী ইদ্রিস।
এই জয়ে চার পয়েন্ট নিয়ে মোহামেডান বি গ্র“পে মুক্তিযোদ্ধার সাথে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। মোহামেডান তিনটি ম্যাচ খেললেও মুক্তিযোদ্ধা খেলেছে দু’টি ম্যাচ। ছয় পয়েন্ট নিয়ে এই গ্র“পে শীর্ষে রয়েছে দেশের আরেক ফুটবল শক্তি আবাহনী লিমিটেড।
ম্যাচে রাঙ্গামাটি মোহামেডান বল নিয়ন্ত্রণে মুন্সিয়ানা দেখালেও স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথম গোল আদায় করে নিতে সক্ষম হয়নি।
শফিকুল ইসলাম মানিকের তত্ত্বাবধানে থাকা মোহামেডান স্পোর্টিংয়ের জন্য জয়টা ছিল খুবই গুরুত্বপূর্ন। কারণ আবাহনীর বিরুদ্ধে পরাজয় আর মুক্তিযোদ্ধার সাথে গোল শুন্য ড্র করে শিরোপা লড়াই থেকে বেশ খানিকটা দুরে সরে আসে মোহামেডান।
অন্যদিকে রাঙ্গামাটি মোহামেডানের এটাই ছিল প্রথম ম্যাচ। স্থানীয় দর্শকরা মূলত তাদের ঘরের ছেলে রাঙ্গামাটির গোলরক্ষক বিপ্লবের খেলা দেখতেই মাঠে আসে।
৪৪ মিনিটে ঢাকা মোহামেডানের মিন্টু প্রতিপক্ষের সীমানার বাইরে আচমকা গোল করে দলকে এগিয়ে দেন। এমেকার নেয়া ফ্রিকিক বিপ্লব ফিরিয়ে দিলেও জটলার মধ্যে দাঁড়িয়ে থাকা মিন্টু ফিরতি বলে টোকা দিয়ে জালে পাঠাতে ভুল করেননি।
এক মিনিট পর এমেকা সম্পূর্ন একক প্রচেষ্টায় রাঙ্গামাটির গোলরক্ষক বিপ্লবকে কাটিয়ে দ্বিতীয় গোল করেন।
বিরতির পর ঢাকা মোহামেডানের একের পর এক আক্রমনে দিশেহারা হয়ে পড়ে স্থানীয় দলটি। কিন্তু তা থেকে গোলের দেখা পায়নি শিরোপা প্রত্যাশীরা। উল্টো খেলা শেষ হওয়ার নয় মিনিট আগে মুতেবি ইদ্রিস একটি গোল পরিশোধ করে গ্যালারী মাতিয়ে তোলেন। নুরুল ইসলামের নেয়া শটটি প্রথম দফায় ঢাকা মোহামেডান’র গোলরক্ষক শাকিল ফিরিয়ে দিলেও ইদ্রিসের শটটি ফেরাতে ব্যর্থ হন।
