ইনজুরিতে আক্রান্ত অসি--কিউই শিবির
চ্যাপেল--হ্যাডলি ট্রফি ওয়ান ডে সিরিজ অংশ গ্রহণকারী অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড উভয়দলই ইনজুরির ভারে আক্রান্ত হয়ে পড়েছে।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮২ রান করা অসি ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক ভুগছেন পেটের পীড়ায়। দলের ফিজিও অ্যারোল অ্যালকট বলেন, তার সুস্থ হয়ে উঠার অপেক্ষা করছি আমরা।
নাকের সমস্যায় আক্রান্ত ফাস্ট বোলার ব্রেট লি চিকিৎসার জন্য ইতোমধ্যে দেশে ফিরে গেছেন। তার পরিবর্তে অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন ২৪ বছর বয়স্ক কুইন্সল্যান্ডের বাঁ হাতি পেসার মিশেল জনসন।
কিউই ফাস্ট বোলার শ্যেন বন্ড হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সিরিজের শেষ ম্যাচটিও খেলতে পারবেন না। তবে কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং টিউমার অপারেশনের পর শেষ ম্যাচে দলে ফিরতে পারেন। ফ্লেমিং সিরিজের প্রথম দু’টি ম্যাচে অংশ গ্রহণ করেননি। ফ্লেমিংয়ের পরিবর্তে দলকে নেতৃত্ব দেন স্পিনার ডেনিয়েল ভেট্টরি।
অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচ ১৪৭ রানে এবং দ্বিতীয় ম্যাচ দুই রানে জিতে ইতোমধ্যে ২--০ তে সিরিজ নিশ্চিত করেছে।
