অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডে ব্রেট লি’র পরিবর্তে ডাক পেলেন জনসন
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাপেল-হ্যাডলি ট্রফির শেষ ম্যাচে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন বাঁ হাতি পেস বোলার মিশেল জনসন। ফাস্ট বোলার ব্রেট লি’র পরিবর্তে দলে তাকে জায়গা করে দেয়া হয়েছে।
ব্রেট লি তার শ্বাস-প্রশ্বাসে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে নাকের সার্জারির জন্য অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন। জনসন বৃহস্পতিবারই দলের সাথে যোগ দিতে ক্রাইস্ট চার্চে উড়ে গেছেন।
অস্ট্রেলিয়া নির্বাচক দলের চেয়ারম্যান ট্রেভর হন্স এক বিবৃতিতে বলেন, জনসন তরুণ ক্রিকেটার। তাই আমাদের নজর তার ওপরই ছিল। অস্ট্রেলিয়া ওয়ানডে দলের সাথে তাকে যুক্ত করার এটিই সুবর্ণ সুযোগ বলে আমাদের মনে হয়েছে। ভবিষ্যতের কথা ভেবেই তাকে বেছে নেওয়া হয়েছে।
‘ক্রিকেট অস্ট্রেলিয়া’র অর্ন্তভুক্ত ২৫ ক্রিকেটারের বাইরে থেকে দলে জায়গা করে নিতে পেরে উচ্ছ্বসিত ২৪ বছর বয়স্ক কুইন্সল্যান্ডের ক্রিকেটার জনসন।
যদিও এ সুযোগ মাত্র একটি ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ। তারপরও অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। নির্বাচকরা যে আমার ওপর আস্থা রেখেছেন, সেজন্যও আমি খুশি।
ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে নাটকীয়ভাবে দুই রানে হারিয়ে অস্ট্রেলিয়া ইতিমধ্যে ২-০ তে সিরিজ নিশ্চিত করেছে।
