২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকাকে হারিয়ে তিনজাতি অনুর্ধ্ব--১৯ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ

সাভারের বিকেএসপিতে বুধবার তিনজাতি অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল নিজেদের চতুর্থ ম্যাচে ১০২ রানের বিশাল ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

টুর্নামেন্টে বাংলাদেশের এটা টানা চতুর্থ জয়। স্বাগতিক দল এর আগে দুবার করে হারিয়েছে ইংল্যান্ড এবং শ্রীলংকাকে। ভারতে আফ্রো এশিয়া অনুর্ধ্ব ১৯ টুর্নামেন্ট থেকে এ পর্যন্ত টানা সাত ম্যাচে অপরাজিত রয়েছে স্বাগতিক যুবারা।

তিনজাতি ক্রিকেটে মঙ্গলবারের ম্যাচে শ্রীলংকা ৬০ রানে ইংল্যান্ডেকে হারানোর পর বাংলাদেশের ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শ্রীলংকা তাদের পরবর্তী দু’টি ম্যাচে যদি বাংলাদেশ ও ইংল্যান্ডকে হারাতে পারে তাহলেই কেবল ফাইনাল খেলা সম্ভব হবে। অন্যদিকে শেষ দুই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলংকাকে হারাতে পারলে ইংল্যান্ডও ফাইনালে খেলার সুযোগ পাবে।

বিকএসপিতে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৫৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। প্রথম উইকেট জুটিতে ৬৩ রান করে দলকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল এবং রাকিবুল হাসান। একপর্যায়ে মনে হচ্ছিল এই জুটি তিনশ’ রান অতিক্রম করে যাবে। কিন্তু পরবর্তীতে মাত্র একরানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে স্বাগতিকরা।

ম্যাচের নবম ওভারে স্পিনার বীরাসিঙ্গেকে এনেই সাফল্য পান শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। বীরাসিঙ্গে নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই রাকিবুলকে (২৩ রান) ফিরিয়ে দেন আর পরের বলেই তুলে নেন তামিম ইকবালের উইকেটটি। বরাবরের মত এই ম্যাচেও আগ্রাসী ছিল তামিমের ব্যাট। ২৪ বলে ৩৪ রান করেন তিনি।

বীরাসিঙ্গের পঞ্চম বলে বোল্ড হওয়ার হাত থেকে বেঁচে যান সাকিব আল হাসান। কিন্তু পরের ওভারেই করুনানায়েকের বলে সয়জার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। 

এরপর শামসুর রহমান শুভ এবং মেহরাব হোসেন জুনিয়র ৫৬ রান করে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দিতে সক্ষম হন। মেহরাব ২১ রান করে সেরাসিঙ্গের বলে বোল্ড হন। পঞ্চম উইকেট জুটিতে শুভ অধিনায়ক মুশফিকুর রহিমকে সাথে নিয়ে স্কোর বোডে মূল্যবান ৬৫ রান যোগ করেন। শুভ ৮৮ বলে ৫৯ রান করে করুনানায়েকের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন।

অধিনায়ক মুশফিকুর দেখেশুনে ব্যাট চালিয়ে শেষ পর্যন্ত ৬৯ বলে ৭৫ রান করেন। তিন উইকেট নিয়ে শ্রীলংকান বোলাদের মধ্যে সফল ছিলেন বীরাসিঙ্গে।

জবাবে স্বাগতিক বোলার--কামরুল ইসলাম, নাবিল সামাদ এবং সোহরাওয়ার্দী শুভর নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে শ্রীলংকা ৪১ দশমিক এক ওভারে মাত্র ১৫১ রান করতেই গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন সয়জা। এছাড়া পেরেরা করেন ২৬ রান।

বাংলাদেশের কামরুল তিনটি উইকেট লাভ করেন। নাবিল সামাদ ও সোহরওয়ার্দী শুভ নেন দু’টি করে উইকেট।