অবশেষে ভারত--শ্রীলংকা টেস্ট শুরু, ব্যাট করছে ভারত
অবশেষে মাঠে গড়িয়েছে ভারত শ্রীলংকা টেস্ট। ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। দলে ফিরে এসেছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
প্রথমে ব্যাট করতে নেমে ভারত দুই উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে স্বাগতিকরা। গৌতম গাম্ভীর ০ এবং শেওয়াগ ৩৬ রান করে আউট হন।
শুক্রবার থেকে এ টেস্ট শুরুর কথা থাকলেও প্রথম তিনদিন বৃষ্টির কারণে মাঠে খেলা গড়ায়নি। সোমবার চতুর্থ দিন সকালে চেন্নাইয়ের আকাশে সূর্য উঁকি দেওয়ার পর সবার মনে আশা জাগে। সূর্যের আলো চিদাম্বরম স্টেডিয়ামে পড়ার পর পরই গ্রাউন্ডস্টাফরা উইকেট এবং আউটফিল্ড থেকে কভার সরিয়ে নিয়ে মাঠ পরিচর্যায় ঝাঁপিয়ে পড়ে।
এই ম্যাচ থেকে ফলাফল পাওয়ার আশা না থাকলেও দু’দলের জন্যই ভালো একটি অনুশীলন ম্যাচ হতে পারে।
দিল্লিতে ১০--১৪ ডিসেম্বর দ্বিতীয় এবং আহমেদাবাদে ১৮--২২ ডিসেম্বর তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। চেন্নাই টেস্ট বৃষ্টিতে ভেসে গেলেও এই দুই শহরের আবহাওয়ার পূর্বাভাসে আপাতত কোন ঝামেলার চিহ্ন নেই।
