২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের সেঞ্চুরিতে তিনজাতি ক্রিকেটে বাংলাদেশের আরেকটি জয়

উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল তিনজাতি ক্রিকেট টুর্নামেন্টে শনিবার ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় পেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

টুর্নামেন্টে ইংল্যান্ডের বিরুদ্ধে এটা বাংলাদেশের দ্বিতীয় জয়। উদ্বোধনী ম্যাচে একই প্রতিপক্ষের বিরুদ্ধে চার উইকেটে জয়ী হয়েছিল স্বাগতিকরা।

জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান নাফিস ইকবালের ছোট ভাই তামিম ইকবাল ৭১ বলে ১৩টি চার ও ছয়টি বিশাল ছক্কার মাধ্যমে ১১২ রানের একটি ঝড়ো ইনিংস উপহার দেন।

প্রথম ব্যাট করে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দল সবগুলো উইকেট হারিেেয় ১৭৩ রান তোলে। বাংলাদেশের সাকিব আল হাসান এবং সুপার সাব রেজানুল ইসলাম প্রতিপক্ষের পাঁচটি উইকেট ভাগাভাগি করে নেন।

ইংল্যান্ড পাঁচ উইকেট হারিয়ে ১১০ রান করতে সক্ষম হলেও ৬৩ রানে শেষ পাঁচ উইকেট হারায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন উডম্যান। এছাড়া ওপেনার ব্রাউন ২৮ এবং জেমস ২১ রান করেন।

সাকিব ২৫ রানে তিনটি এবং রেজানুল ২২ রানে দু’টি উইকেট লাভ করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং মেহেদী হাসান শুরু থেকেই ইংলিশ বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন। মিলারের বলে মেহেদী আউট হওয়ার আগে এই জুটিতে রান ওঠে ১২৭।

এরপর দলের আর কোন ব্যাটসম্যানই তামিমকে সহায়তা দিতে না পারলেও তামিম ছিলেন ধ্বংসাত্মক। ৫১ বলে হাফসেঞ্চুরি এবং ১০৭ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। বাংলাদেশ ২৮ দশমিক তিন ওভারে ১৭৯ রান করে জয় তুলে নেয়। সাকিব আল হাসান পাঁচ এবং সোহরওয়ার্দী শুভ ১০ রানে অপরাজিত থাকেন।