২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোয়েবের গতি, কানেরিয়ার ঘূর্ণিতে নাকাল ইংল্যান্ড, পাকিস্তানের ২-০ তে সিরিজ জয়

মাত্র কয়েক মাস আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ জয়ের তরতাজা স্মৃতি নিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর একটি দল নিয়ে পাকিস্তান সফরে আসে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 04:38 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

 কিন্তু অল্প দিনের ব্যবধানেই তাদের সেই তরতাজা স্মৃতির পরিবর্তে সিরিজ হারের দগদগে স্মৃতি নিয়ে ফিরতে হচ্ছে ইংলিশদের।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার সিরিজ নির্ধারনী ম্যাচটি এক ইনিংস ও ১০০ রানে জিতে ইংলিশদের অ্যাশেজ জয়ের সুখস্মৃতিতে পানি ঢেলে দেয় ইনজামাম বাহিনী। অন্যদিকে ঘরের মাঠে ২--০ তে সিরিজ জয়ের উল্লাস নিয়ে ঘরে ফিরে গেছে পাকিস্তানিরা।

পাকিস্তানের ছুঁড়ে দেয়া ৩৪৮ রানের টার্গেটের পেছনে ছুটতে গিয়ে সফরকারীরা তাদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনেই দুই উইকেট হারিয়ে ১২১ রান করে ফেলায় এক পর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই যাচ্ছে ম্যাচের ভাগ্য। কিন্তু শোয়েব আখতারের ভয়ংকর গতি আর দানিশ কানেরিয়ার ঘূর্ণি যাদুতে লাঞ্চের পরপরই ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।

আগের দিন ৬০ রানে অপরাজিত থাকা ইয়ান বেল আর ৩৭ রান নিয়ে কলিংউড পঞ্চম ও শেষ দিনের ব্যাটিংয়ের সূচনা করেন। দলকে পরাজয়ের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টাও করছিলেন তারা। কিন্তু ১৯৬ বল খেলে ১২টি চারের সহায়তায় ৮০ রান করা কলিংউডকে দলীয় ২০৫ রানে কানেরিয়া ফিরিয়ে দিলে ইংলিশদের সে আশাটাও উবে যায়।

এরপর ২১২ রানের মাথায়ই আরও তিন উইকেট হারায় ইংল্যান্ড। ফিরে যান পিটারসেন, ফ্লিনটফ আর ইয়ান বেল। পিটারসেন আর ফ্লিনটফ ব্যর্থ হলেও সফল হয়েছেন বেল। কিন্তু বেল ১৮৯ বলে ১৩টি চারের মাধ্যমে ৯২ রান করে শোয়েব আখতারের বলে এলবিডব্লিউ হয়ে গেলে ইংলিশদের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ দিকে স্পিনার উদালের ২৫ রান পাকিস্তানের জয়কে কিছুটা বিলম্বিত করেছেমাত্র। ২৪৮ রানে শেষ হয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।

ইংল্যান্ডের নয়টি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন শোয়েব আখতার এবং কানেরিয়া। শোয়েব ৭১ রানে পাঁচ এবং কানেরিয়া ৫২ রানে চার উইকেট লাভ করেন। বাকি উইকেটটি গেছে মোহাম্মদ সামির ঝুলিতে।

২২৩ রানের অনবদ্য ইনিংস উপহার দেয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারের জন্য মোহাম্মদ ইউসুফের ধারেকাছে কেউই ছিলনা। আর সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কাটাও গেছে পাকিস্তানের অধিনায়ক ইনজামামের ভান্ডারে।