২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লি, ক্লার্কের মারাত্মক বোলিংয়ে বিধ্বস্ত নিউজিল্যান্ড

অকল্যান্ডে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যেকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অসি বোলারদের মারাত্মক বোলিংয়ের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে কিউইরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 02:58 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

অস্ট্রেলিয়ার আট উইকেটে ২৫২ রানের জবাবে মাত্র ২৭ দশমিক চার ওভারে ১০৫ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। ম্যাচ হারে ১৪৭ রানের বিশাল ব্যবধানে।

ফ্লেমিংয়ের পরিবর্তে কিউই দলের অধিনায়কত্ব করা স্পিনার ডেনিয়েল ভেট্টরি টস জিতে বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাট হাতে অস্ট্রেলিয়া তিন রানে অ্যাডাম গিলক্রিস্টকে হারিয়ে চাপের মধ্যে পড়লেও পরবর্তীতে অধিনায়ক রিকি পন্টিং, সাইমন ক্যাটিচের দু’টি হাফ সেঞ্চুরি, অ্যান্ড্রু সাইমন্ডস, মাইকেল ক্লার্ক, মাইক হাসির দৃঢ়চেতা ব্যাটিংয়ের সুবাদে বিপর্যয় সামাল দিতে সক্ষম হয়।

অধিনায়ক পন্টিং আর ক্যাটিচই মূলত দলের ধস ঠেকিয়েছেন। দ্বিতীয় উইকেট জুটিতে এরা দু’জন ১১৮ রান করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন। ক্যাটিচ ৬৫ বলে ছয়টি চার ও একটি ছয়ের সাহায্যে ৫৪ রান করে স্টাইরিসের বলে অধিনায়ক ভেট্টরির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। ১৫ রান পর পন্টিংও ভেট্টরির স্পিনে এলবিডব্লিউয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে যাওয়ার আগে ৬৪ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৬৩ রানের একটি অধিনায়কোচিত ইনিংস উপহার দিয়ে যান।

এরপর অ্যান্ড্রু সাইমন্ডস ৪৪ এবং ক্লার্ক ৩১ রান করে দলের রানকে সম্মানজনক স্থানে নিতে সক্ষম হন।

২৫৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অসি বোলার, বিশেষ করে ব্রেট লি এবং ক্লার্কের তোপের মুখে পড়ে কিউইরা। একপর্যায়ে মাত্র ৩৩ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভেট্টরিবাহিনী। তাদের উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। দলের ফ্রন্টলাইন ব্যাটসম্যানরা একে একে সাজঘরে ফিরে গেলে ধাক্কা সামাল দেয়ার মত কেউ ছিলনা।

অসি ফাস্ট বোলার ব্রেট লি ছয় ওভার বল করে মাত্র পাঁচ রানের বিনিময়ে তুলে নেন তিন উইকেট। তার সাথে এই ধ্বংসযজ্ঞে সামিল ছিলেন ক্লার্ক। ১৯ রানে তিনিও দখল করেন তিন উইকেট। নাথান ব্রাকেন আর অ্যান্ড্রু সাইমন্ডস দু’টি করে উইকেট নিয়ে ভালোই সাপোর্ট দিয়ে গেছেন তাদের। আর দুর্দান্ত বোলিং করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও নিয়ে গেছেন ব্রেট লি।