পাকিস্তান সফরে ইংল্যান্ড সিরিজ পরাজয়ের সম্মুখিন ঃ ডানকান ফ্লেচার
ইংলিশ কোচ ডানকান ফ্লেচার স্বীকার করেছেন যে, পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল টেস্ট ম্যাচে তার দলের সত্যিকার অর্থে কোন জয়ে সম্ভবনা নেই।
পাকিস্তান বৃহস্পতিবার পাঁচ উইকেটে ৪৪৬ রান করে। দুই দিন বাকি থাকতেই পাকিস্তান ১৫৮ রানে এগিয়ে রয়েছে। দুই বছরের মধ্যে প্রথমবার টেস্ট সিরিজ পরাজয়ের সম্মুখিন ইংল্যান্ড। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ফ্লেচার বলেন, “এটা আমাদের জন্য একটি ভিন্ন ধরনের দিন এবং সত্যিকার অর্থে আমাদের ম্যাচ জয়ের সম্ভবনা নেই। আমাদের এখন একটি কাজই আছে আর তা হল বাকি সময়ে ব্যাট হাতে মাঠে মাটি আকড়ে থাকতে হবে।”
তৃতীয় দিনে ইংল্যান্ড পাকিস্তানের মাত্র একজন ব্যাটসম্যান নাইটওয়াচম্যান শোয়েব আখতারকে প্যাভিলিয়ানে ফেরত পাঠাতে সমর্থ হয়।
ফ্লেচার বলেন, “মানসিক দিক থেকে এ সফরটি আমাদের জন্য কঠিন ছিল। নিরাপত্তার জন্য বেশিরভাগ সময়ই আমরা বন্দি ছিলাম। বেশিরভাগ সময় আমরা হোটেলে ছিলাম এবং মানসিকভাবে ক্রিকেটারদের মনে তা সামান্য প্রভাব বিস্তার করেছে। তবে সফরে আসার আগে আমরা জানতাম যে, সফরটা এ ধরনেরই হবে এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে উপরে উঠতে হলে আমাদের সিরিজ জয় করতে হবে তা জেনেই আমরা এখানে এসেছি।”
ফ্লেচারের তত্ত্বাবধানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ জয় করে এবং এটা পরিষ্কার ছিল যে, বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করার জন্য পাকিস্তান এবং ভারতের মাটিতে সিরিজ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।
