২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসুফ, কামরানের সেঞ্চুরি, লাহোর টেস্টের নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে

লাহোর টেস্টের তৃতীয় দিন বৃহস্পতিবার মোহাম্মদ ইউসুফ এবং কামরান আকমলের জোড়া শতকে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে শক্ত অবস্থায় চলে গেছে স্বাগতিক পাকিস্তান। ম্যাচ এখন কার্যত নিয়ন্ত্রণ করছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। ইউসুফ ১৮৩ এবং কামরান ১১৫ রানে অপরাজিত রয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২৮৮ রানের জবাবে আগের দিনের চার উইকেটে ১৮৫ রান নিয়ে খেলতে নেমে দিনশেষে পাকিস্তান পাঁচ উইকেটে ৪৪৬ রান করে। পাকিস্তানের প্রথম ইনিংসে লিড দাঁড়িয়েছে ১৫৮ রানের।

প্রথমে মোহাম্মদ ইউসুফ এবং শোয়েব আখতার জুটি এবং পরে ইউসুফ ও কামরান আকমলের মূল্যবান দু’টি পার্টনারশীপে বিপর্যয় সামাল দিতে সক্ষম হয় স্বাগতিকরা।

ইউসুফ ৮৪ এবং শোয়েব আখতার শুন্য রান নিয়ে দিনের সূচনা করেন। ইংলিশ বোলারদের হতাশায় ডুবিয়ে দিয়ে এই জুটি ৬৭ রান করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। দলের ২৪৭ রানে শোয়েব আখতার ৩৮ রান করে প্লাংকেটের বলে উদালের হাতে ধরা পড়ে বিদায় নেন। অন্যপ্রান্তে তখন ইউসুফ হেসেখেলে সেঞ্চুরি করে ফেলেন।

এরপর ইউসুফের সাথে জুটি বাধেন পাকিস্তানি উইকেট কিপার কামরান আকমল। এই দুই ব্যাটসম্যান যা করে দেখালেন, তাতে ইংলিশ অধিনায়কের কপালের ভাঁজ শুধু বেড়েছে, কমেনি।

শোয়েব আখতার আউট হয়ে যাওয়ার পর এই জুটিতে রান ওঠে ১৯৯। ইউসুফ আগেই তার সেঞ্চুরি পূরণ করে ফেলেন। দিনের শেষ সেশনে এসে সতীর্থ কামরান আকমলও তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দেখা পেয়ে যান।

ইউসুফ ৩৩৫ বলে ২১টি বাউন্ডারি এবং একটি ছক্কার সাহায্যে তার ১৮৩ রানের ইনিংস সাজান। অন্যদিকে কামরান ১৯৫ বলে দশটি চারের মাধ্যমে ১১৫ রান করে ইউসুফের সাথে চতুর্থ দিনের সূচনার অপেক্ষায় আছেন।

ইংলিশ বোলারদের জন্য হতাশাজনক একটি দিন গেছে বৃহস্পতিবার। শুধু শোয়েব আখতারের উইকেটটি ছাড়া আর কোন উইকেটের মুখ দেখা সম্ভব হয়নি তাদের। হবেই বা কি করে, আর কোন উইকেট পড়লে তো। শোয়েবের উইকেটটি নিয়ে নিজের সংগ্রহকে দুই-এ উন্নীত করেন অভিষিক্ত পেসার প্লাংকেট।