২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবলে ব্রাদার্সকে রুখে দিয়েছে সমাবেশ ক্লাব

নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগে বড় ধরনের হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন। রংপুর স্টেডিয়ামে বুধবার নবাগত মুন্সীগঞ্জের সমাবেশ ক্লাবের সাথে গোলশুন্য ড্র করে চ্যাম্পিয়নরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

গ্যালারীপূর্ন রংপুর স্টেডিয়ামে ব্রাদার্স বলের নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে খেললেও স্ট্রাইকারদের ব্যর্থতায় জয় থেকে বঞ্চিত হয়। ব্রাদার্সের নাইজেরিয়ান স্ট্রাইকার ম্যাজেমস নোয়াচুকু পল একাই অন্তত পাঁচটি সহজ গোলের সুযোগ নষ্ট করেন। পাশাপাশি অধিনায়ক মনোয়ার হোসেন, মিডফিল্ডার লিটন, বদলী স্ট্রাইকার তপুও ছয়টি গোলের সুযোগ নষ্ট করে ব্যর্থতার তালিকা দীর্ঘ করেন।

উল্টো গোপীবাগের দলটি অল্পের জন্য পুরো পয়েন্ট খোয়ানোর হাত থেকে বেঁচে গেছে। ১১ মিনিটে সমাবেশ ক্লাবের মাসুমের শটটি ব্রাদার্সের গোলপোষ্টে না লাগলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।

খেলার তিন মিনিটেই আক্রমন চালায় ব্রাদার্স। কিন্তু সমাবেশের গোলরক্ষক উজ্জল সিরাজির শটটি দৃঢ়তার সাথে ফিরিয়ে দেন, পরে পলের একটি শট সাইড বার ঘেঁষে বাইরে চলে যায়।

৩৭ ও ৩৮ মিনিটে আরও দু’টি আক্রমনের উৎস গড়ে দেন সরাজি। কিন্তু মনোয়ার আর পল দু’জনই তা কাজে লাগাতে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধে গোল করতে মরিয়া হয়ে উঠে ব্রাদার্স। কিন্তু স্ট্রাইকাররা যেন ব্যর্থতার বৃত্ত থেকে বেরই হতে পারছিলেন না।

৫৭ মিনিটে দিনের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন পল। প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও জালে বল ঠেলতে ব্যর্থ হন তিনি। এরপর তপুও একই রকম একটি থেকে সুযোগ থেকে গোল করতে পারেননি।

ব্রাদার্স ইউনিয়ন: আলী, অরূপ, শুভ্র, মাসুদ রানা, সিরাজি (লিটন), মন্টু, প্রাণতোষ, মনোয়ার (সাইফুল), লিটন, পল, চিমা (তপু)।

সমাবেশ ক্লাব: উজ্জল, ফারুক, দুলাল, সরদার, রিপন, প্রশান্ত, আলম, আরাফাত, মলয়, মাসুম (আশরাফুল), সোহাগ (মনির)।

হলুদ কার্ড: লিটন (ব্রাদার্স), আরাফাত, আজিজুল (সমাবেশ ক্লাব)।