২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগে সিলেটের প্রথম জয়, দ্বিতীয় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ঢাকা

ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগে ধানমন্ডি স্টেডিয়ামে ঢাকার বিরুদ্ধে বরিশাল দ্বিতীয় ইনিংসে শক্ত প্রতিরোধ গড়ে তুলেও পরাজয় ঠেকাতে পারেনি। বুধবার চারদিনের ম্যাচের শেষ দিনে ঢাকার অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের মারাত্মক বোলিংয়ের মুখে ৯৫ রানে হার মানে বরিশাল। আশরাফুল পাঁচ উইকেট তুলে নিয়ে বরিশালের ইনিংস গুড়িয়ে দেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 07:43 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

ঢাকার ছুঁড়ে দেয়া ৪৯৬ রান তাড়া করে বরিশাল দ্বিতীয় ইনিংসে ৪০০ রান করতে সক্ষম হয়।

চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে ওয়ানডের পর চারদিনের ম্যাচেও সিলেটের বিরুদ্ধে চার উইকেটে হেরেছে স্বাগিতকরা।

চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান করে ইনিংস ঘোষণা করলে সিলেটের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ২৩৬ রানের। সিলেট ছয় উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সিলেটের ওপেনার গোলাম রহমান অপরাজিত ৮৭ রান করেন।

লিগের দ্বিতীয় পর্বের চারদিনের ম্যাচ শেষে ঢাকা বিভাগ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা, চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেট। বরিশাল বিভাগ এখন পর্যন্ত পয়েন্টের মুখ দেখেনি।

ঢাকা বনাম বরিশাল

অতিথি বরিশাল আগের দিনের তিন উইকেটে ২১৫ রান নিয়ে খেলতে নেমে দিনের দুই সেশনে বাকি সাত উইকেট হারিয়ে ১৮৫ রান করে চা বিরতির আগেই অল আউট হয়ে যায়।

আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান হান্নান সরকার ১৭৯ বলে আটটি চার ও একটি ছয়ের মাধ্যমে ৭৩ রান করেন। ছয় নম্বর ব্যাটসম্যান হুমায়ুন কবির ১৪৩ বলে সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৬৬ রান করে আউট হন। পঞ্চম উইকেট জুটিতে এরা দু’জন ৬৬ রান যোগ করেন।

ঢাকার স্পিনার মোহাম্মদ রফিক ১০২ রানে নেন চার উইকেট। অধিনায়ক আশরাফুল দিনের তৃতীয় ওভারে শাহিন হোসেনকে শুন্যরানে ফিরিয়ে দিয়ে ধ্বংসযজ্ঞের সূচনা করেন। এরপর তিনি একে একে তুলে নেন আরাফাত সালাহউদ্দিন (৩), আরিফ হোসেন (১৭) এবং আনিসুর রহমানের (১১) উইকেট।

দুই ইনিংসে সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিয়ে গেছেন ঢাকার জাভেদ ওমর।

চট্টগ্রাম বনাম সিলেট

চট্টগ্রামে চতুর্থ দিনের হিরো ছিলেন সিলেটের ওপেনার গোলাম রহমান হিমেল। তার অনবদ্য ৮৭ রানেই সিলেট স্বাগতিকদের বিরুদ্ধে চার উইকেটে জয় তুলে নেয়। সিলেটের অধিনায়ক রাজিন সালেহ ৩১, অলক কাপালী ২৪ এবং ইমতিয়াজ হোসেন ২৩ রান করে বিভিন্ন সময়ে গোলাম রহমানকে যোগ্য সহায়তা দিয়ে গেছেন।

হিমেলের ২০৪ রানে সাজানো ইনিংসে বাউন্ডারি ছিল মাত্র তিনটি। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলার হাসিবুল হোসেন শান্তুও অলরাউন্ড পারফরম্যান্স প্রদর্শন করেন। হাসিবুল বল হাতে ৪৮ রানে পাঁচ উইকেট নেন, পরে ব্যাট হাতেও ১৩ বলে ২১ রান করেন।

চট্টগ্রাম ২৩১ রান নিয়ে দিনের সূচনা করে শেষ পর্যন্ত নয় উইকেটে ২৮৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। সবমিলিয়ে তাদের লিডের পরিমান দাঁড়ায় ২৩৫ রানের।

দলের পক্ষে সাদিদ হোসেন খান ৪২ বলে ২২ রান করেন। ওয়াসেল করেন ৪৭ রান।

সিলেটের অল রাউন্ডার অলক কাপালী ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।