২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিনের ম্যাচ তিনদিনে জিতে নিয়েছে খুলনা, জয়ের পথে ঢাকা

ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগে প্রথম জয়ের স্বাদ নিয়েছে খুলনা বিভাগ। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মঙ্গলবার স্বাগতিকদের দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে খুলনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিরুদ্ধে জয়ের জন্য শেষ দিনে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকার দারকার সাত উইকেট। স্বাগতিকদের ছুঁড়ে দেয়া ৪৯৬ রানের জবাবে তৃতীয় দিনশেষে বরিশাল তিন উইকেটে ২১৫ রান করেছে।

চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক এবং সিলেটের মধ্যেকার ম্যাচটি ড্রয়ের দিকে এগুচ্ছে। চট্টগ্রামের প্রথম ইনিংসের জবাবে সিলেট ৩২২ রানে অল আউট হয়। দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম দিনশেষে চার উইকেট খুইয়ে ২৩১ রান করেছে।

খুলনা বনাম রাজশাহী

দ্বিতীয় দিনেই ম্যাচ জিততে পারত খুলনা। কিন্তু সোমবার দ্বিতীয় দিন আলোর স্বল্পতার জন্য নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়ে যাওয়ায় জয়ের জন্য প্রয়োজনীয় ১৯ রানের করতে তাদের তৃতীয় দিনও মাঠে নামতে হয়। আগেরদিনের বিনা উইকেটে ছয় রান নিয়ে খেলতে নেমে খুলনা ৬ দশমিক দুই ওভারেই ২১ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। স্পিনার সাইফুল্লাহ খানের বলে বাউন্ডারি মেরে দলকে জয় এনে দেন মনিরুল ইসলাম। মনিরুল সাত এবং সগীর হোসেন আট রানে অপরাজিত থাকেন।

ঢাকা বনাম বরিশাল

দ্বিতীয় ইনিংসে আগেরদিনের চার উইকেটে ১৮৮ রান নিয়ে খেলতে নেমে ঢাকা আট উইকেটে ২৯৫ রান করে ইনিংস ঘোষণা করে। সবমিলিয়ে তাদের লিডের পরিমান ৪৯৫ রান।

১০৪ রানে অপরাজিত জাভেদ ওমর তৃতীয় দিন আরও ৪৭ রান যোগ করে আনিসুরের বলে কট বিহাইন্ড হন। ২৯৫ বলে সাজানো জাভেদের ইনিংসে ২৫টি বাউন্ডারি এবং একটি ছয়ের মার ছিল। জাভেদের সঙ্গী সানোয়ার হোসেন ৫০ বলে করেন ৩৪ রান। পঞ্চম উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান ৭৩ রান করেন। বরিশালের বোলার আনিসুর রহমান ৫৬ রানে নেন তিন উইকেট।

প্রথম ইনিংসে বাজেভাবে শুরু করলেও বরিশালের দ্বিতীয় ইনিংসের সূচনাটা ছিল দুর্দান্ত। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান আহমেদ এবং অধিনায়ক শাহরিয়ার নাফিস ১৪৮ রান করে দলের শক্ত ভিত্তি গড়ে দেন। ইমরান ১৯৬ বলে ৭৭ এবং শাহরিয়ার ১১৪ বলে ৭৬ রান করেন। উভয়ই ১১টি করে বাউন্ডারি হাঁকান। হান্নান সরকার ৩২ এবং শাহীন হোসেন শুন্য রানে অপরাজিত রয়েছেন। ঢাকার মোহাম্মদ রফিক ৫২ রানে দু’টি এবং শাহাজাদা একটি উইকেট লাভ করেন।

চট্টগ্রাম বনাম সিলেট

অধিনায়ক নাফিস ইকবাল এবং ইনফর্ম ব্যাটসম্যান এহসানুল হকের দু’টি হাফসেঞ্চুরিতে ভর করে স্বাগতিক চট্টগ্রাম অতিথি সিলেটের বিরুদ্ধে ১৮২ রানের লিড নিতে সক্ষম হয়।

দলীয় ৭৫ রানে ওপেনার নাজিমউদ্দিন (২০ রান) এবং আফতাব আহমেদ (৮ রান) আউট হয়ে যাওয়ার পর তৃতীয় উইকেট জুটিতে নাফিস এবং এহসানুল মূল্যবান ৬৬ রান যোগ করেন। নাফিসের আউটের পর ওয়াসেলকে সাথে নিয়ে এহসানুল আরও ৫৯ রান করেন। দিনশেষে ওয়াসেল ৪৭ এবং রেজাউল করিম দুই রানে ক্রিজে রয়েছেন।

এর আগে সিলেট প্রথম ইনিংসে আট উইকেটে ২৬৭ রান নিয়ে তৃতীয় দিনের সূচনা করে এবং ১০০ দশমিক পাঁচ ওভারে ৩২২ রানে অল আউট হয়। আগেরদিন ১২১ রানে অপরাজিত থাকা অলক কাপালী এদিন আরও ৩৫ রান করেন। কাপালী পাঁচ ঘন্টা ব্যাট করে ২১৫ বলে ২৩টি বাউন্ডারির সাহায্যে এই রান করেন।

চট্টগ্রামের বোলার তারেক আজিজ ১০৮ রানে পাঁচ এবং আরাফাত ৭৭ রানে তিন উইকেট লাভ করেন।