২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোর টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর একটি দল নিয়ে পাকিস্তানে আসে ইংল্যান্ড।  কিন্তু এসেই দুর্ভোগের শুরু। স্বাগিতদের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরে ব্যাকফুটে চলে যায় মাইকেল ভন অ্যান্ড কোং। আর মুলতানে প্রথম টেস্ট জিতে এগিয়ে ইনজি বাহিনী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

এ অবস্থায় মঙ্গলবার থেকে লাহোরে শুরু হওয়া শেষ টেস্টটি ইংল্যান্ডের জন্য পরিণত হয়েছে সমতা ফেরানোর লড়াইয়ে, আর পাকিস্তানের জন্য সিরিজ জয়ের। 

দ্বিতীয় টেস্ট ড্র হলেও তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনেই আবারও ব্যাকফুটে ইংল্যান্ড। দিনশেষে ছয় উইকেট খুইয়ে তাদের সংগ্রহ ২৪৮।

গাদ্দাফি স্টেডিয়ামের স্যাঁতস্যাঁতে পিচ ব্যাটিং সহায়ক মনে করে টসে জিতে ইংলিশ অধিনায়ক মাইকেল ভন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নিয়মিত ওপেনার মার্কাস ট্রেসকোথিকের সাথে আরেক নিয়মিত ওপেনার অ্যান্ড্রু স্ট্রসের পরিবর্তে ইনিংসের সূচনা করতে নামেন অধিনায়ক নিজেই। সফরকারীদের সূচনাটাও হয়েছিল দুর্দান্ত।

পাকিস্তানি বোলারদের হতাশায় ডুবিয়ে এই জুটি ১০১ রান তুলে নেয়। দু’জনই স্ট্রোকের ফুলঝুরি ছড়িয়ে অর্ধশতক পূরণ করেন। কিন্তু এখান থেকেই শুরু অল রাউন্ডার শোয়েব মালিক ম্যাজিক। ট্রেসকোথিক ৫০ এবং ভন ৫৮ রান করে শোয়েব মালিকের ঘূর্ণির শিকার হয়ে প্যাভিলিয়ানের ঠিকানায় পাড়ি জমান।

মালিক ১৪ রানের ব্যবধানেই দু ওপেনারকে ফিরিয়ে দিয়ে পাকিস্তানকেও খেলায় ফিরিয়ে আনেন। শোয়েবের সাথে সাথে পেসার রানা নাভেদও মেতে ওঠেন ইংলিশ বধে।

দলীয় ১৮৩ রানের মাথায় ৩৪ রান করা পিটারসনকে উইকেটের পেছনে কামরান আকমলের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন রানা। কিছুক্ষণ পর ফ্লিনটফও ১২ রান করে রানার বলেই শোয়েব আখতারের হাতে ধরা পড়ে বিদায় নিলে প্রথম দিনেই অল আউট হয়ে যাওয়ার আশংকা দেখা দেয় ইংল্যান্ড শিবিরে। চার রান করা ইংলিশ উইকেটরক্ষক গ্যারিয়েন্ট জোন্সকে ফিরিয়ে দিয়ে চাপ আরও বাড়িয়ে দেন স্পিনার দানিশ কানেরিয়া।

সতীর্থরা ব্যর্থ হলেও চার নম্বরে নেমে এখন পর্যন্ত একপ্রান্ত আগলে ধরে খেলে যাচ্ছেন পল কলিংউড। হাফসেঞ্চুরিও করে ফেলেছেন স্টাইলিশ এ ব্যাটসম্যান। কলিংউড ১১৭ বলে ১১টি বাউন্ডারির মাধ্যমে ৭১ রান করে অপরাজিত রয়েছেন। সাথে দশ রান নিয়ে আছেন ইউদাল।

তিন উইকেট নিয়ে প্রথম দিনের সফল বোলার অল রাউন্ডার শোয়েব মালিক। রানা নভেদ দুই এবং দানিশ কানেরিয়া এক উইকেট লাভ করেন।