২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগের জন্য প্রস্তুত রংপুর

নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের দ্বিতীয় পর্বে রংপুর ভেন্যুর খেলা বুধবার থেকে শুরু হবে। মোটামুটি প্রস্তুত রংপুর ভেন্যু। উদ্বোধনী ম্যাচে বিকেল তিনটায় রংপুর স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন এবং মুন্সীগঞ্জ সমাবেশ ক্লাব মুখোমুখি হবে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাজ্জাদ হোসেন বাপ্পি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

সূত্র জানায়, ভেন্যু প্রস্তুত হয়ে গেলেও আয়োজক কমিটিতে সরকার দলীয় কর্মকর্তা এবং সমর্থকদের অর্ন্তভুক্ত করায় স্থানীয় সংগঠকদের মধ্যে একধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে। দ্বিতীয়বারের মত জাতীয় লিগ আয়োজনের সুযোগ লাভ করার পর, রংপুরের ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ থাকা সত্ত্বেও খেলা শুরুর মাত্র একদিন আগে থেকে স্থানীয় আয়োজক কমিটি জাতীয় লিগের প্রচার প্রচারণা শুরু করেছে।

ব্রাদার্সের ম্যানেজার আমের খানও আয়োজকদের অসহযোগিতায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, তার দল রংপুরে আসার পর থেকে এখন পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থা কিংবা আয়োজকদের কোন কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করেননি। দেশের এমন অস্থির অবস্থায় দলের নিরাপত্তা নিয়ে শংকিত আমের খান।

রংপুর ভেন্যুর আহ্বায়ক মোজাফফর হোসেন জানিয়েছেন, তার অনুপস্থিতিতে কিছুটা সমস্যা থাকলেও এখন তা কেটে গেছে। তিনি বলেন, নিরাপত্তার জন্য স্টেডিয়ামের আশেপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, লিগে অংশগ্রহনকারী দলগুলো যেসব হোটেলে অবস্থান করবে সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে ব্রাদার্স ইউনিয়ন এবং ফেনী সকার ক্লাব ছাড়া আর কোন দল এখনও রংপুর এসে পৌঁছায়নি। তবে আয়োজকরা জানিয়েছেন দলগুলো যথাসময়ে রংপুর এসে যাবে। 

ব্রাদার্স অধিনায়ক মনোয়ার হোসেন তার দলে কয়েকজন তারকা ফুটবলারের অনুপস্থিতি সত্ত্বেও বুধবার সমাবেশ ক্লাবের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। জাতীয় দলের বাদ পড়া এই ফুটবলার বলেন, প্রতিপক্ষকে খাটো করে দেখার কোন অবকাশ নেই, কারণ তাদের দলে বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে।

ব্রাদার্স ইউনিয়ন খুলনায় নিজেদের প্রথম ম্যাচে ২--০ গোলে হারায় খুলনা টাউন ক্লাবকে। অন্যদিকে দ্বিতীয় পর্বে প্রথমবারেরমত মাঠে নামবে সমাবেশ ক্লাব।

রংপুর ভেন্যুর ফিক্সচার:

৩০ নভেম্বর- ব্রাদার্স ইউনিয়ন বনাম মুন্সীগঞ্জ সমাবেশ ক্লাব।

১ ডিসেম্বর- মুক্তিযোদ্ধা সংসদ বনাম ফেনী সকার ক্লাব।

২ ডিসেম্বর- খুলনা টাউন ক্লাব বনাম বাংলাদেশ সেনাবাহিনী।

৩ ডিসেম্বর- মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম আবাহনী লিমিটেড।