অ্যাডিলেড টেস্টে উইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া
অ্যাডিলেডের ওভাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফ্রাঙ্ক ওরেল ট্রফির তৃতীয় ও চূড়ান্ত টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়া সফরকারী উইন্ডিজকে সাত উইকেটে পরাজিত করেছে।
প্রথম দুই টেস্টে পরাজয়ের কারণে উইন্ডিজ চলতি সিরিজের তিনটি ম্যাচ হেরে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হল।
অ্যাডিলেড টেস্টে পরাজয়সহ উইন্ডিজ গত ১৩টি টেস্টের ১২টিতেই অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হল। আর ১৯৯২--৯৩ মৌসুমে রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন উইন্ডিজ সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয় করেছিল।
আগের দিনের ৭৬--২ স্কোর নিয়ে ব্যাট করতে নামা স্বাগতিক দল মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনে প্রয়োজন ছিল ১০৬ রানের। মধ্যাহ্নভোজের কিছুক্ষণ পরেই তারা তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮২ রান সংগ্রহ করে।
পঞ্চম দিন সকালে ড্যারেন পাওয়েল ব্রাড হগকে ২৩ রানে ফিরিয়ে দিলেও ম্যাচের প্রত্যাশিত ফলাফলের উপর খুব বেশি তা প্রভাব ফেলতে পারেনি।
পাঁচ নম্বরে ব্যাট করতে নামা প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মাইক হাসিকে নিয়ে ওপেনিং ব্যাটসম্যান ম্যাথু হেইডেন জয়ের লক্ষ্যে পৌঁছে যান।
হেইডেন ৮৭ রান করেন। যার মধ্যে ছিল ১২টি চারের মার। মাইক হাসি ৩০ রান করেন।
দলের অন্যান্যদের মধ্যে ল্যাঙ্গার ২০ ও অধিনায়ক পন্টিং তিন রান করেন।
উইন্ডিজের কলিমোর ৫১ রানে দুই উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর : উইন্ডিজ ৪০৫ ও ২০৪ এবং অস্ট্রেলিয়া ৪২৮ ও ১৮২/৩
ফলাফল : অস্ট্রেলিয়া সাত উইকেটে জয়ী।
