শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত
সব বাধা, অসম্ভবকে উড়িয়ে দিয়ে ভারত অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচটি পাঁচ উইকেটে জিতে নিয়েছে। ফলে দু’দেশের মধ্যেকার পাঁচ ম্যাচ সিরিজ ২--২ এ অমীমাংসিতভাবে শেষ হলো।
দক্ষিণ আফ্রিকার ২২১ রানের জবাবে স্বাগতিকরা পাঁচ উইকেট হারিয়ে ২২৪ রান করে জয় তুলে নেয়। আর ভারতের এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক রাহুল দ্রাবিড়। দলকে সুচারুভাবে নেতৃত্ব দেয়ার পাশাপাশি ব্যাট হাতেও খেলেন অপরাজিত ৭৮ রানের এক অধিনায়কোচিত ইনিংস।
যুবরাজ সিং মাত্র একরানের জন্য অর্ধশতক থেকে বঞ্চিত হন। এছাড়া টেন্ডুলকার ৩০, শেওয়াগ ২৭ রান করেন।
সফরকারী বোলারদের মধ্যে একমাত্র আন্দ্রে নেল ৩৬ রানে দুই উইকেট নিয়ে কিছুটা সমীহ জাগাতে পেরেছেন। শন পোলক, এনটিনি এবং ল্যাংভেল্ট একটি করে উইকেট দখল করেন।
এর আগে টসে জিতে ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড় সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ২২১ রানে তাদের ইনিংস শেষ করলেও ভারতীয় বোলাররা তাদের সবকটি উইকেট তুলে নিতে পারেনি।
ব্যাটিংয়ে আফ্রিকাও যে খুব একটা সুবিধে করতে পেরেছে তাও নয়। তাদের সূচনাটাই ছিল নড়বড়ে। দলের ৩৬ রানে প্যাভিলিয়নে ফেরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক গ্রায়েম স্মিথ আর অ্যান্ড্রু হল। ছয় রানের মাথায় ইরফান পাঠান হলের (চার রান) উইকেট উপড়ে ফেলেন। আর ৩৬ রানে সেই পাঠানের বলেই হরভজনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান স্মিথ (২৪)।
ইনিংস মেরামতের দায়িত্বটা কাঁধে তুলে নেন জ্যাক ক্যালিস আর অ্যাশওয়েল প্রিন্স। ক্যালিস ভারতীয় বোলারদের সামনে দৃঢ়তা দেখাতে সক্ষম হলেও ব্যর্থ হন প্রিন্স। দলকে ৭৭ রানে রেখে হরভজনের ঘূর্ণি বলে যুবরাজের হাতে ক্যাচ দেন তিনি। তার নামের পাশে তখন লেখা ছিল নয় রান।
ক্যালিসের সাথে জুটি গড়েন মার্ক বাউচার। মূলত এই জুটিই দলের ধস ঠেকাতে সক্ষম হয়। এই দুই ব্যাটসম্যান ৮১ রান করে দলের বিপদ সামাল দেন। দলীয় ১৫৮ রানে হরভজনের সহায়তায় শেওয়াগ ৫৬ বলে ৩৫ রান করা বাউচারকে ফেরত পাঠালে আবারও ধাক্কা খায় সফরকারীরা। ২০ রান পর জাস্টিন কেম্পও ফিরে যান।
এপর ক্যালিসের সাথে ফাস্ট বোলার শন পোলকের জুটিটা জমে উঠে। কিন্তু ৮৯ তম ওভারে সেঞ্চুরি থেকে নয় রান দুরে থাকতেই পাঠানের বলে কাইফের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ক্যালিস। এই রান করার পথে ক্যালিস ১৪৬ বলে মাত্র পাঁচটি চার হাঁকান। অন্যপ্রান্তে পোলক শেষ পর্যন্ত ১৭ বলে চারটি বাউন্ডারি এবং একটি ছক্কার সাহায্যে ৩০ রান করে অপরাজিত থেকে যান।
ইরফান পাঠান তিন এবং হরভজন সিং দুই উইকেট লাভ করেন।
