জাভেদের দুই ইনিংসেই সেঞ্চুরি, জয়ের দ্বারপ্রান্তে খুলনা
ইস্পাহানী মির্জাপুর চা পঞ্চম জাতীয় ক্রিকেট লিগে সোমবার ধানমন্ডি মাঠে বরিশালের বিরুদ্ধে ঢাকার ব্যাটসম্যান জাভেদ ওমর দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন।
জাভেদ প্রথম ইনিংসে ১০৬ করেন। পরে দ্বিতীয় ইনিংসেও ১৫৫ বলে ১৬টি চার ও একটি ছয়ের সাহায্যে ১০৪ রান করে অপরাজিত রয়েছেন তিনি।
এর আগে প্রথম শ্রেনীর ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরির কৃতিত্ব রয়েছে শাহরিয়ার হোসেন ও শাহিন হোসেনের ভান্ডারে। চট্টগ্রামে এমসিসির বিরুদ্ধে তারা দু’জন যথাক্রমে ২০০০ ও ২০০৪ সালে এই কৃতিত্ব দেখান।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অতিথি খুলনা স্বাগতিকদের বিরুদ্ধে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। জয়ের জন্য তাদের দরকার আর মাত্র ১৩ রান। জামালউদ্দিন বাবুর অলরাউন্ড পারফরম্যান্সেই জয় পেতে চলেছে খুলনা। রাজশাহী প্রথম ইনিংসে ১৩০ এবং দ্বিতীয় ইনিংসে ১৪০ রান করে। জবাবে খুলনা প্রথম ইনিংসে ২৫২ এবং ম্যাচের দ্বিতীয় দিন শেষে কোন উইকেট না হারিয়ে ছয় রান করেছে।
অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে অলক কাপালীর অপরাজিত সেঞ্চুরির সুবাদে স্বাগতিকদের সাথে সিলেটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কাপালী ১৮১ বলে ১৮টি বাউন্ডারির মাধ্যমে ১১ রান করেন।
ঢাকা বনাম বরিশাল
ঢাকার প্রথম ইনিংসে ৩৩১ রানের জবাবে বরিশাল ১৩১ রানেই গুটিয়ে যায়। ২০০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। দিনশেষে চার উইকেটে ১৮৮ রান করে ঢাকা সব মিলিয়ে ৩৮৮ রানে এগিয়ে গেছে। আনোয়ার হোসেন ১৯, আল শাহরিয়ার রোকন ২৮, মোহাম্মদ আশরাফুল পাঁচ এবং মেহরাব হোসেন ১৯ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও জাভেদ ১০৪ ও সানোয়ার হোসেন ছয় রানে অপরাজিত রয়েছেন।
বরিশাল এক উইকেটে ৩৫ রান নিয়ে দিনের সূচনা করলেও রফিক, আশরাফুল এবং খালেদ মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৩১ রানে অল আউট হয়ে যায়। রফিক ছয় রানে চার, আশরাফুল ২০ রানে দুই এবং খালেদ মাহমুদ ৩৮ রানে দুই উইকেট তুলে নেন। দলের পক্ষে হুমায়ুন কবির ৪৩ এবং অধিনায়ক শাহরিয়ার নাফিস ১৮ রান করেন।
খুলনা বনাম রাজশাহী
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে খুলনা স্বাগতিকদের বিরুদ্ধে জয় থেকে মাত্র ১৩ রান দুরে রয়েছে। রাজশাহী দ্বিতীয় ইনিংসে ১৩০ রানে অল আউট হয়ে গেলে খুলনার সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ১৯ রানের। অতিথিরা দিনশেষে বিনা উইকেটে ছয় রান করেছে।
খুলনার বোলার জামালউদ্দিন বাবু, সৈয়দ রাসেল এবং আব্দুর রাজ্জাক নয়টি উইকেট ভাগাভাগি করে নিলে অল্প সংগ্রহেই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের। জামাল ৪৫ রানে পাঁচ উইকেট লাভ করেন। এছাড়া রাসেল এবং রাজ্জাক যথাক্রমে ২৬ ও ২৮ রানে দু’টি করে উইকেট দখল করেন।
রাজশাহীর সফল ব্যাটসম্যান নাঈম ইসলাম সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত থাকেন।
এর আগে খুলনা প্রথম ইনিংসে চার উইকেটে ১৪৪ রান নিয়ে দিনের সূচনা করে শেষ পর্যন্ত ২৫২ রানে অল আউট হয়। দলের অষ্টম উইকেট জুটিতে মূল্যবান ৬৪ রান যোগ হয়। অধিনায়ক হাবিবুল বাশার তার আগেরদিনের ৮২ রানের সাথে আর মাত্র তিন রান যোগ করতে সক্ষম হন। জামাল বাবু ৪৬ বলে অপরাজিত থাকেন।
শাহাজাদা পাঁচ এবং সাইফুল্লাহ খান চার উইকেট লাভ করেন।
চট্টগ্রাম বনাম সিলেট
চট্টগ্রামের ২৭৩ রানের জবাবে সিলেট দ্বিতীয় দিনশেষে ৮৫ ওভারে আট উইকেটে ২৬৭ রান সংগ্রহ করেছে।
চট্টগ্রাম আগের দিনের আট উইকেটে ২৭০ রানের সাথে তিন রান যোগ করতেই বাকি দুই ব্যাটসম্যানকে হারায়।
সিলেটের সূচনাটাও খুব একটা ভালো হয়নি। ৫২ রানে চার উইকেট হারিয়ে একপর্যায়ে ধুঁকতে থাকে সিলেট। গোলাম রহমান নয়, ইমতিয়াজ হোসেন ২১ এবং মনিরুজ্জামান শুন্য রানে তারেক আজিজের শিকারে পরিনত হন। রাজিন সালেহ’র উইকেটটি তুলে নেন আরাফাত।
এরপর অলক কাপালী এবং গোলাম মাহমুদ পঞ্চম উইকেট জুটিতে ১২৩ রান করে বিপর্যয় সামাল দেন। গোলাম মাহমুদ ৪৯ রান করে আরাফাতের বলে আউট হয়ে গেলেও কাপালী ১২১ রানে অপরাজিত রয়ে যান।
তারেক আজিজ পাঁচ ও ইয়াসিন আরাফাত তিন উইকেট লাভ করেন।
