২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডিলেডে উইন্ডিজের বিরুদ্ধে জয়ের খুব কাছাকাছি অস্ট্রেলিয়া

লেগস্পিনার শেন ওয়ার্ন ও দ্রুতগামী বোলার ব্রেট লির দারুন বোলিংয়ের সুবাদে সফরকারী উইন্ডিজকে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে অল্প রানে বেঁধে ফেলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 02:49 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

সিরিজের শেষ ও তৃতীয় টেস্টে জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য তাদের প্রয়োজন ১০৬ রান। হাতে রয়েছে আট উইকেট ও পুরো একটা দিন। ক্রিজে রয়েছেন ম্যাথু হেইডেন ও ব্রাড হগ। তাদের রান যথাক্রমে ৩৮ এবং ১০।

জাস্টিন ল্যাঙ্গার ২০ রানে কলিমোরের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। আর অধিনায়ক পন্টিং মাত্র তিন রান করে কলিমোরের বলেই সারোয়ানের হাতে ক্যাচ দেন।

এর আগে উইন্ডিজ আগের দিনের দুই উইকেটে ৬৮ রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নেমে চা বিরতির কিছুক্ষণ পরেই ২০৪ রানে সবগুলি উইকেট হারিয়ে ফেলে। দলের পক্ষে সারোয়ান ৬২ ও ব্রাভো দলীয় সর্বোচ্চ ৬৪ রান করেন। প্রথম ইনিংসে দ্বিশতক হাকানো ব্রায়ান লারা ১৭ রানে ফিরে যান। উইকেট কিপার রামাদিন করেন ২৮ রান।

উইন্ডিজকে অল্প রানে বেঁধে ফেলার মূল কৃতিত্ব ওয়ার্নের। তিনি ৮০ রান খরচায় ছয়টি উইকেট লাভ করেন। তার ঝুলিতে ব্রায়ান লারার মূল্যবান উইকেটটিও রয়েছে। এ নিয়ে ২০০৫ সালে ওয়ার্নের উইকেট শিকার হল ৮৪টি। আরেকটি উইকেট পেলেই তিনি এক বছরে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারের স্বদেশী ডেনিশ লিলিকে ধরে ফেলতেন।

তবে ব্রেট লির অবদানকেও খাটো করে দেখা যাবে না। ১৭ ওভার বল করে ৪৬ রানে চার উইকেট নিয়েছেন লি।