পেলের চোখে রোনালদিনহো সেরা
ব্রাজিলিয়ান ফুটবলার বার্সেলোনা তারকা রোনালদিনহো এ মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় বলে মনে করেন কিংবদন্তি ফুটবলার পেলে। ফিফার বর্ষসেরা ফুটবলারদের তালিকায় স্থান পাওয়া রোনালদিনহোকে তিনি যোগ্য দাবিদার বলে মনে করেন।
পেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, সে এখন (রোনালদিনহো) বিশ্বের সেরা খেলোয়াড়। এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী পেলে জানান, সাবেক গ্রেট ব্রাজিলিয়ান ফুটবলার জিকো, সক্রেটিস, ফেলসকো কিংবা রোমারিওর সাথে তার তুলনা করার সময় এখনও আসেনি।
তিনি মনে করেন তার নিজের সাথে ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের বেশ কিছু মিল রয়েছে।
পেলে আরও বলেন, আমি গর্ব বোধ করি কারণ একজন সেরা ফুটবলার হিসেবে সে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্রাজিলের প্রতিনিধিত্ব করছে। একদিন আমিও এ অবস্থানে ছিলাম।
২০০৫ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় তালিকার ৩০ ফুটবলাররের মধ্যে জায়গা করে নিয়েছেন রোনালদিনহো। ১৯ ডিসেম্বর সুইজারল্যান্ডের জুরিখে ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে।
