অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন জাভেদ
ইস্পাহানী মির্জাপুর চা পঞ্চম জাতীয় ক্রিকেট লিগে প্রথম চারদিনের ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করা জাতীয় দলের ওপেনার জাভেদ ওমর অবশেষে দ্বিতীয় চারদিনের ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন । ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে লিগের তৃতীয় সেঞ্চুরি হাঁকালেন জাভেদ।
সিলেটের বিরুদ্ধে প্রথম চারদিনের ম্যাচে ৯২ রান করা জাভেদ ওমর ১৬২ বলে ১৬টি চার ও একটি ছক্কার সাহায্যে ১০৬ রান করেন।
এর আগে চট্টগ্রামের নাফিস ইকবাল (১০০) এবং রাজশাহীর আনিসুর রহমান (১০৮) লিগে সেঞ্চুরি করেন।
ঢাকার প্রথম ইনিংসে ৩৩১ রানের জবাবে বরিশাল দিনশেষে এক উইকেটে ৩৫ রান তুলেছে।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে খুলনার বিরুদ্ধে একদিনের ম্যাচে পরাজয়ের পর চারদিনের ম্যাচেও স্বাগতিকদের ব্যর্থতা অব্যাহত রয়েছে। রাজশাহীকে প্রথম ইনিংসে ১৩০ রানে অল আউট করে দিয়ে খুলনা দিনশেষে চার উইকেটে ১৪৪ রান করে ১৪ রানে এগিয়ে গেছে।
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকরা পুরো দিন খেলে ৯০ ওভারে আট উইকেট খুইয়ে ২৭০ রান করেছে।
ঢাকা বনাম বরিশাল
প্রথমে ব্যাট করে ঢাকা দুই উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ ওমর এবং রাশেদুল হকের ১২০ রানের পার্টনারশীপে দুর্দান্ত সূচনা করেন। পরে অবশ্য রাশেদুল ৯৬ বলে ৫৯ রান করে সজিবের বলে বোল্ড হন।
দ্বিতীয় উইকেট জুটিতে জাভেদ ও আল শাহরিয়ার রোকন আরও ৯১ রান যোগ করেন। রোকন ৬৬ বলে ছয়টি বাউন্ডারি এবং দু’টি ছক্কার মাধ্যমে ৫৩ রান করে আরিফের বলে আনিসুরের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
এরপর ঢাকার আর কোন ব্যাটসম্যানই বরিশালের বোলারদের সামনে দাঁড়াতে না পারলেও দুই বোলার- আনোয়ার হোসেন মনির এবং শাহাদত হোসেন রাজিব পুরোদস্তুর ব্যাটসম্যান বনে যান। নবম উইকেট জুটিতে এই দুই পেসার মূল্যবান ৫৬ রান করেন। রাজিব ৩৬ বলে ৩৭ এবং মনির ৪৩ বলে ১৭ রান করে দলের সংগ্রহকে স্ফীত করে তোলেন।
বরিশালের অনিয়মিত স্পিনার হান্নান সরকার ৫৮ রানে পাঁচ উইকেট নিয়ে সফল বোলারের অবস্থান নেন। এছাড়া সাজিদ ইসলাম নেন তিন উইকেট।
দিনশেষে শাহরিয়ার নাফিস নয় এবং হুমায়ুন কবির ১৫ রানে অপরাজিত রয়েছেন।
খুলনা বনাম রাজশাহী
প্রথমে ব্যাট হাতে নামলেও একমাত্র জহুরুল ইসলাম এবং ফরহাদ রেজা ছাড়া রাজশাহীর কোন ব্যাটসম্যানই অতিথি খুলনার তিন বোলার- সৈয়দ রাসেল, জিয়াউর রহমান এবং স্পিনার আব্দুর রাজ্জাক রাজের বিপক্ষে দাঁড়াতেই পারেননি। স্বাগতিকদের দশটি উইকেট এই তিন বোলারই ভাগাভাগি করে নেন।
দুই নম্বরে নেমে ফরহাদ রেজা ৫২ বলে সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া জহুরুল ১২০ বল খেলে করেন ৩১ রান। দলীয় পাঁচ রানে জিয়াউর আউট হয়ে যাওয়ার পর তৃতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান ৫৪ রান যোগ করেন।
রাসেল ১৭ রানে চার উইকেট লাভ করেন। জিয়া এবং রাজ তিনটি করে উইকেট তুলে নেন।
দিনশেষে খুলনার ও জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার ৮৮ বলে ৮২ রানে অপরাজিত রয়েছেন। সাথে রয়েছেন মাঞ্জারুল ইসলাম রানা ১৬ রানে।
চট্টগ্রাম বনাম সিলেট
প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক দল ৭২ রানের মধ্যে সাজিদ (১), নাফিস (১৯), নাজিম (৩৪) এবং আফতাব আহমেদকে (১৫) হারিয়ে ধুঁকতে থাকে। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে এহসানুল হক এবং ওয়াসেলউদ্দিনের ১৫১ রানের পার্টনারশীপে ঘুরে দাঁড়ায়।
এহসানুল, ওয়াসেল--দু’জনই সিলেটের হাসিবুলের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এহসানুল ১৮৫ বলে সাতটি চারের মাধ্যমে সর্বোচ্চ ৭৫ এবং ওয়াসেল ১৬০ বলে নয়টি বাউন্ডারির সাহায্যে ৭১ রান করেন।
প্রথম দিন শেষে ইয়াসিন আরাফাত ও তারেক আজিজ খান যথাক্রমে নয় ও ১১ রানে অপরাজিত রয়েছেন।
হাসিবুল তিনটি এবং আশিকুর রহমান দু’টি উইকেট লাভ করেন।
