২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুলবুলের হ্যাটট্রিকে জাতীয় লিগে আবাহনীর সহজ জয়

বড় জয় দিয়ে জাতীয় লিগে যাত্রা শুরু করেছে শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড। খুলনা স্টেডিয়ামে রোববার স্ট্রাইকার মাসুদুল আলম বুলবুলের হ্যাটট্রিকের সুবাদে দেশের অন্যতম ফুটবল জায়ান্ট আবাহনী ৫--১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুবীর রায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 06:42 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বুলবুলের হ্যাটট্রিক ছাড়াও আবাহনীর মরোক্কান রিক্রুট ইগির মোহাম্মদ এবং আবদুল্লাহ পারেভজ একটি করে গোল করেন। সকার ক্লাবের পক্ষে একটি গোল পরিশোধ করেন মজিবুর রহমান রিতু।

এদিকে আরেক জায়ান্ট ব্রাদার্স ইউনিয়ন এবং মুন্সীগঞ্জ সমাবেশ ক্লাবের ম্যাচ দিয়ে বুধবার থেকে রংপুর ভেন্যুর খেলা শুরু হবে।

ম্যাচের ১৯ মিনিটে রিতুর গোলে ফেনী সকার ক্লাব এগিয়ে গেলে মনে হচ্ছিল ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কিন্তু প্রধমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে বাকি চারটি গোল করে ধানমন্ডির দলটি সেই ধারনাকে মিথ্যা প্রমানিত করে। অনবদ্য নৈপুন্য প্রদর্শন করে ঢাকার দল আবাহনী খেলাটিকে একপেশে করে ফেলে।

প্রথম তিনটি নি®প্রাণ ম্যাচ দেখার পর খুলনা ভেন্যুর শেষ ম্যাচে এসে স্টেডিয়াম ভর্তি দর্শকরা পরিপূর্ন একটি ম্যাচ দেখার তৃপ্তি নিয়ে ঘরে ফিরে গেছেন।

১৯ মিনিটে মোহাম্মদ ইউসুফের পাস থেকে বল পেয়ে কোনাকুনি শটে প্রথম গোল করেন সকার ক্লাবের রিতু। ২৬ মিনিটে অবশ্য আবাহনী গোল পরিশোধের একটি সুযোগ পেয়েছিল। কিন্তু ফেনীর গোল রক্ষক পিয়ারুজ্জামান নিপুন দক্ষতার সাথে ইব্রাহিমের প্রয়াস বিফল করে দেন। তবে সমতা ফেরানোর জন্য আবাহনীকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৪২ মিনিটে ইগির মোহাম্মদের শট সকার ক্লাবের গোল বারে লেগে ফিরে আসলে ফিরতি বলে টোকা দিয়ে জালে জড়িয়ে দেন বুলবুল।

বরতির পর আবাহনীকে লিড এনে দেন পারভেজ। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে সকার ক্লাবের অধিনায়ক জাহাঙ্গীর ফাইল করলে ফ্রি কিক পায় আবাহনী। বক্সের বাইরে থেকে পারভেজের নেয়া কিক সরাসরি প্রতিপক্ষের জালে আশ্রয় নেয়।

৬৬ মিনিটে বুলবুলের দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় আবাহনী। দলে ক্যামেরুনের মিডফিল্ডার নাদিম এ কিয়াক বুলবুলের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন। সকার ক্লাবের গোলরক্ষক পিরুকে পরাস্ত করতে ভুল করেননি বুলবুল।

পাঁচ মিনিট পর আবাহনীর হয়ে চতুর্থ গোলটি করেন ইগির মোহাম্মদ। আবদুল্লাহ পারভেজের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের দুই থেকে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন ইগির।

খেলা শেষ হওয়ার এক মিনিট আগে চমৎকার প্লেসিং শটে দলের পঞ্চম গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন বুলবুল। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করা বুলবুল সকার ক্লাবের ডিফেন্ডার এবং গোলরক্ষক পিরুকে ফাঁকি দিয়ে বল জালে ঠেলে দেন।

আবাহনী: নিজাম, প্রদীপ, ওবায়দুর, লাজুক, এনগাচা, আবদুল্লাহ পারভেজ, নাদিম, ইগির, জাহেদ পারভেজ (তুষার), বুলবুল, ইব্রাহিম।

ফেনী সকার ক্লাব: পিরু, রমজান, মোস্তাফিজুর, প্রদীপ বড়–য়া, কল্লোল, জাহাঙ্গীর আলম, হানিফ প্রধান, কবির হোসেন, শাকিল (নাজমুল), রিতু (আনোয়ারুল), ইউসুফ।

হলুদ কার্ড: ইব্রাহিম (আবাহনী), কল্লোল ঘোষ (ফেনী সকার ক্লাব)।

রেফারী: রাম কৃষ্ণ ঘোষ।