জাতীয় ফুটবলে মোহামেডান-মুক্তিযোদ্ধা ম্যাচ গোলশুন্য ড্র
নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের দ্বিতীয় পর্বে শনিবার খুলনা স্টেডিয়ামে শিরোপা প্রত্যাশী মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মধ্যেকার গুরুত্বপূর্ন ম্যাচটি গোলশুন্যভাবে শেষ হয়েছে।
দু’দলের তারকা ফুটবলারদের অনুপস্থিতি সত্ত্বেও দেশের দুই ফুটবল জায়ান্টের খেলা উপভোগ করতে বিপুল দর্শক হাজির হয়েছিল মাঠে। কিন্তু শেষ পর্যন্ত ফলশুন্য একটি খেলার স্মৃতি নিয়ে তাদের ঘরে ফিরতে হয়।
কোচ জর্জ কোটানের দল মুক্তিযোদ্ধা শুরু থেকেই মাঝমাঠের নিয়ন্ত্রন নিয়ে প্রতিপক্ষ অপেক্ষা ভালো খেলেও দ্বিতীয়ার্ধে গোল মিসের মহড়ার কারনে কাংখিত জয় তাদের অধরাই রয়ে যায়।
অতিথি খেলোয়াড় নয়নের মাধ্যমে প্রথম আক্রমন শানায় সাদাকালো জার্সিধারীরা। বক্সের মধ্য থেকে নয়নের নেয়া জোরালো শটটি মুক্তির গোলরক্ষক তিতুমীর চমৎকারভাবে ফিরিয়ে দেন। ছয় মিনিট পর মোহামেডানের স্ট্রাইকার মঞ্জুর কোনাকুনি শটে তিতুমীর পরাস্ত হলেও ডিফেন্ডার দিন মোহাম্মদ গোললাইন থেকে বল ফিরিয়ে দিলে বেঁচে যায় কোটানের দল।
দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে মুক্তিযোদ্ধা গোলের একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করে। মোহামেডানের ডিফেন্ডারদেরকে বোকা বানিয়ে মুক্তির নাইজেরিয়ান স্ট্রাইকার আর্নেস্ট জেরিমিয়াহ বক্সের ভিতর থেকে যে প্রচন্ড শট নেন তা মোহামেডানের গোলপোস্টে লেগে ফিরে গেলে মাঠের বাইরে মুক্তির কর্মকর্তাদের হতাশা প্রকাশ করতে দেখা যায়।
খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে একটি সংঘবদ্ধ আক্রমন চালায় মুক্তিযোদ্ধা। ডান প্রান্ত দিয়ে এনামুল বল বাড়িয়ে দেন ওদাফা ওকিলিকে। ওদাফার কামানের গোলার মত শটটি মোহামেডানের ডিফেন্ডার বিপ্লবের গায়ে লেগে মাঠে ফিরে যায়। মুক্তির অধিনায়ক মনি ফিরতি বলে শট নেন, কিন্তু এবার বল ক্লিয়ার করেন মোহামেডানের নাইরেজেরিয়ান রিক্রুট পিটার ওদাফ।
ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে ওদাফা পাঁচ হাজার টাকা লাভ করেন।
হলুদ কার্ড: হাসান ও পিটার (মোহামেডান), দিন মোহাম্মদ ও জেরিমিয়াহ (মুক্তিযোদ্ধা)।
রোববারের ম্যাচ: আবাহনী লিমিটেড বনাম ফেনী সকার ক্লাব।
