২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজামামই দুটি দলের মধ্যে পার্থক্য গড়ে দেন ঃ মাইকেল ভন

ইংলিশ দলপতি মাইকেল ভন বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ ড্র করার পর পাকিস্তানি কাপ্তান ইনজামাম উল হকের ভূয়সী প্রশংসা করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 12:04 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

ফয়সালাবাদে দ্বিতীয় টেস্ট ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি করেন ইনজি। এটি তার ক্রিকেট ক্যারিয়ারে প্রথম। আর কারণেই নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেললনে ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলেন, ইনজামাম উভয় ইনিংসেই চমৎকার সেঞ্চুরি করেছেন এবং তিনিই দু’টি দলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেন। টেস্ট ম্যাচ চূড়ান্ত দিন পর্যন্ত নিয়ে যাওয়া আসলেই একটি ভাল ব্যাপার, যাতে ম্যাচ জয় বা পরাজয় কিংবা ম্যাচ ড্র হওয়ার সম্ভবনা থাকে। ম্যাচের শেষ দিনে আমরা কঠিন পরিশ্রম করি। তবে সম্পূর্ণ কৃতিত্ব উভয় দলের।

টস হারার পর ম্যাচের প্রথম দিন আমরা লড়াই করি। পাকিস্তান বড় স্কোড় গড়ে আমাদের চাপের মধ্যে ফেলে এবং আমরাও বেশ ভাল ব্যাটিং করে রান তুলেছি। ম্যাচ ড্র করতে পেরে আমরা খুশি। লাহোরে তৃতীয় ম্যাচের আগে আমরা ১--০ ব্যবধানে সিরিজে পিছিয়ে থাকবো। কিন্তু আমরা প্রতিযোগিতায় থাকতে চাই। আমাদের জন্য এ কন্ডিশনে ক্রিকেট খেলা কঠিন। তবে সময়টা উপভোগ করছি এবং আশা করি লাহোরের ম্যাচটির ফলাফল জয় বা পরাজয়ের মাধ্যমে নির্ধারিত হবে।

ইনজামাম পাকিস্তানের পক্ষে ২৪তম সেঞ্চুরি হাকিয়ে জাভেদ মিয়াদাদের রেকর্ড ভেঙ্গে নিজেকে পাক ক্রিকেটের সর্বোচ্চ আসনে নিয়ে বসান।

ম্যাচ শেষে তিনি বলেন, এটা আমার জন্য বড় ম্যাচ কারণ আমি জাভেদের রেকর্ড ভেঙ্গেছি।

তিনি আরও বলেন, ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি।

পিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতারের প্রশংসা করে ইনজি বলেন, উভয় টেস্টেই শোয়েব খুব ভাল বল করেছে। সে তার শতভাগ উজাড় করে দিয়েছে।

তিনি বলেন, আমরা সব সময়ই পজিটিভ খেলেছি। ম্যাচে জয়ের জন্যই আমরা খেলেছি, ড্র করার জন্য নয়। ইতিবাচক খেলা অব্যাহত রেখে শেষ টেস্টটি জয়ের চেষ্টা করব।