নতুন ভারতীয় টিভি চুক্তির কারণে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি
ভারতীয় টেলিভিশনের নতুন আইনের কারণে আইসিসির সদস্যদেশগুলোর মধ্যে প্রথম আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু বাংলাদেশই নয়, এ আইনের কারণে অন্যান্য দেশগুলোর ক্রিকেট বোর্ডও বিপুল পরিমান সম্প্রচার অর্থ থেকে বঞ্চিত হবে।
নতুন আইন অনুযায়ী ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শন তার টেরিস্টেরিয়াল চ্যানেলগুলোর মাধ্যমে বিনামূল্যে যে কোন আন্তর্জাতিক ম্যাচ সম্প্রচার করতে পারবে। এর ফলে ইএসপিএন, স্টার স্পোর্টস এবং টেন স্পোর্টসের মত সম্প্রচার চ্যানেলগুলোর আয়ের পরিমাণ বহুলাংশে কমে যাবে। পাশাপাশি ক্রিকেটের লাভজনক এই বাজারে টিভি সত্ত্বের মূল্য কমে যাবে।
২০০৬ সালের এপ্রিলে অস্ট্রেলিয়া সফরের পরপরই বাংলাদেশের সাথে ইএসপিন/স্টার স্পোর্টসের চুক্তি শেষ হয়ে যাবে। এই চুক্তির কারণে বাংলাদেশ বছরে প্রায় আড়াই মিলিয়ন ডলার আয় করেছে। বাংলাদেশ নতুন করে পাঁচ বছরের চুক্তির ব্যাপারে আশাবাদী হলেও ভারতীয় সম্প্রচারকারীরা এখন আরও বেশি সতর্ক।
এ ব্যাপারে বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম বিডিনিউজকে জানান, এ আইনের কারণে শুধুমাত্র বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে না। আইসিসিসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলো ক্ষতির শিকার হবে।
তিনি জানান, বিস্তারিত জানার পরই আমরা এ ব্যাপারে বিবৃতি দিতে পারব।
তবে দূরদর্শন তার টেরিস্টেরিয়াল চ্যানেলগুলোর মাধ্যমে টেস্ট ম্যাচ সম্প্রচার করবে কিনা তা এখনও জানা যায়নি।
