২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রো এশিয়া অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় জয়

ভারতের বিশাখাপত্তমে আফ্রো এশিয়া অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ দ্বিতীয় জয় পেয়েছে। বুধবার বাংলাদেশ নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানকে এক উইকেটে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

প্রথমে ব্যাট করে পাকিস্তান উদ্বোধনীর জুটির ১৩০ রান সত্ত্বেও ৪৯ দশমিক এক ওভারে ২৫২ রানে অল আউট হয়ে যায়।

ওপেনার আলী খান ৯৫ বলে দশটি বাউন্ডারি এবং একটি ছয়ের সাহায্যে সর্বোচ্চ ৭৫ রান করেন। আরেক ওপেনার মোহাম্মদ ৭৬ বলে করেন ৫১ রান। পাকিস্তান দলের শেষ সাত ব্যাটসম্যান দুই অংকের রান করতে সক্ষম হননি।

বাংলাদেশের সোহরাওয়ার্দী শুভ ৫২ রানে চার উইকেট শিকার করেন। এছাড়া মেহরাব হোসেন ২৭ রানে তিনটি, ডলার মাহমুদ ও নাবিল সামাদ একটি করে উইকেট নেন।

জবাবে বাংলাদেশের সূচনটা হয়েছে বাজেভাবে। প্রথম ওভারেই ফিরে যান নাজমুস সাদাত। তবে আরেক ওপেনার তামিম ইকবাল ৬১ রানের চমৎকার ইনিংস উপহার দেন। ৬৩ বলে সাজানো তার এই ইনিংসে ১১টি বাউন্ডারি এবং একটি ওভারবাউন্ডারি ছিল।

তামিম আগের ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৪৬ বলে করেছিলেন ৬০ রান। বল হাতে চার উইকেট নেয়ার পর সোহরাওয়ার্দী শুভ ৬২ বলে নয়টি চারের সহায়তায় অপরাজিত ৬৭ রান করে দলকে জয় পাইয়ে দেন।

পাকিস্তানের জামশেদ আহমেদ তিনটি, আলী খান এবং ওয়াসিম দু’টি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশ শুক্রবার তাদের পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।