২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা হতে পারে জাতীয় ফুটবল লিগের সেরা ভেন্যু

চলতি নিটল টাটা জাতীয় ফুটবল লিগে টানা দ্বিতীয়বারের মত সেরা ভেন্যুর মর্যাদা পেতে ইচ্ছুক খুলনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

এর আগে ২০০৪ সালের জাতীয় লিগের সেরা ভেন্যুর মর্যাদা পাওয়া খুলনা এবারের লিগের চারটি ম্যাচের জন্য সম্পূর্ন প্রস্তুত। খুলনায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন এবং খুলনা টাউন ক্লাব।

খুলনা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান আসাদুজ্জামান মুরাদ বিডিনিউজকে জানান, খুলনা ২০০৪ সালের সেরা জোতীয় ফুটবল লিগের সেরা ভেন্যুর পুরস্কার পেয়েছে, এবারও এই মর্যাদা পাওয়ার জন্য আমরা সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিডিনিউজকে বলেন, খুলনা দেশের সেরা ফুটবল ভেন্যু এবং এখানকার জনগনও দেশের সেরা ফুটবলপ্রেমী দর্শক। এবারের লিগে আমরা এই সত্যটি প্রমান করব।

জেলা ক্রীড়া সংস্থা ইতিমধ্যে স্টেডিয়ামের সাধারণ গ্যালারী, ভিআইপি গ্যালারী এবং সাংবাদিকদের প্রেস বক্সের সংস্কারকাজ সম্পন্ন করেছে।

জাতীয় লিগ উপলক্ষ্যে শহরের প্রবেশপথ থেকে শুরু করে শ’খানেক সুদৃশ্য তোরণও নির্মান করা হয়েছে।