২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফয়সালাবাদ টেস্টের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে পাকিস্তান

ফয়সালাবাদ টেস্টের চতুর্থ দিন বুধববারে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নিয়েছে স্বাগতিকরা। সফরকারী ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ৪৪৬ রানে গুটিয়ে দিয়ে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। প্রথম ইনিংসে ১৬ রানের লিডের সাথে এদিন তারা আরও ১৮৩  রান যোগ করে। সবমিলিয়ে তাদের দ্বিতীয় ইনিংসে তাদের লিডের পরিমাণ দাঁড়িয়েছে ১৯৯ রানের। তবে এই রান করতে তাদের বিসর্জন দিতে হয়েছে ছয় উইকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

ইংল্যান্ড আগের দিনের সাত উইকেটে ৩৯১ রান নিয়ে খেলতে নেমে চতুর্থ দিনের শুরুতেই শহীদ আফ্রিদির ঘূর্ণিবলে অল্প সময়ের মধ্যেই কুপোকাত হয়ে যায়। তৃতীয় দিনের অপরাজিত ব্যাটসম্যান অ্যাশলে জাইলস তার ২৩ রানের সাথে আর তিন রান যোগ করতেই আফ্রিদির বলে বোল্ড হয়ে যান। দলের রান তখন ৩৯৫।

তবে আরেক অপরাজিত ব্যাটসম্যান উদাল ৩৩ রান করে অপরাজিত থেকে যান। হগার্ডকেও বেশিক্ষণ স্থায়ী হতে দেননি আফ্রিদি। এবারও হগার্ডের উইকেট ওপরে ফেলেন আফ্রিদি। শেষ উইকেট জুটিতে হার্মিসন আর উদাল মূলবান ৪৭ রান যোগ করলেও পাকিস্তানের প্রথম ইনিংসের রান টপকাতে পারেননি। হার্মিসন ১৬ রান করে রান আউটের শিকার হন। এই উইকেটি আফ্রিদি না পেলেও রান আউটের পেছনে তারও অবদান ছিল। শেষ পর্যন্ত ৯৫ রান দিয়ে চার উইকেট নেওয়া আফ্রিদিই সেরা বোলার। এছাড়া শোয়েব আখতার ও রানা নভেদও ঝুলিতে পুরে নেন দু’টি করে উইকেট।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটা অবশ্য প্রথম ইনিংসের মতো হয়নি। ম্যাচের বাকি রয়েছে একদিন। তড়িঘড়ি করে বড় ধরনের লিড নেওয়ার আশায় ব্যাটসম্যানদের বেপরোয়া ব্যাটিংয়ে দিনশেষে স্কোর বোর্ডে ১৮৩ রান উঠলেও তাদের হারাতে হয়েছে চার ফ্রন্টলাইন ব্যাটসম্যানসহ ছয়টি উইকেট। উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে।

তবে এর মধ্যেও ব্যতিক্রম ওপেনার সালমান বাট আর ইনজামাম। প্রথম ইনিংসে খুব একটা সুবিধে করতে না পারা সালমান বাট এই ইনিংসে অর্ধশতকের দেখা পান। ঠিক ৫০ রান করে উদালের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন সালমান। দলীয় ১০৪ রানে ইউনিস খানও (২৭ রান) হগার্ডের বলে এলবিডব্লিউয়ের শিকার হন।

এরপরই ধৈর্য হারিয়ে ফেলেন সিরিজে এখন পর্যন্ত সফল ব্যাটসম্যান সালমান। প্রথম ইনিংসের হাফসেঞ্চুরিয়ান মোহাম্মদ ইউসুফ ২০ রান করে ফ্লিনটফের বলে বোল্ড হন। আর প্রথম ইনিংসে ৯২ রানের বিস্ফোরক ইনিংস খেলা শহীদ আফ্রিদি বল হাতে সফলতা পেলেও ব্যাট হাতে শূন্য রানেই আউট হয়ে যান। তার উইকেটটিও তুলে নেন ফ্লিনটফ। ব্যর্থ হয়েছেন কামরান আকমলও।

চতুর্থ দিনশেষে ইনজামাম ৪১ এবং ফাস্ট বোলার রানা নভেদ শূন্য রানে অপরাজিত রয়েছেন।