২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটের চারদিনের ম্যাচে জয় পেল রাজশাহী

ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচে জয় পেয়েছে রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বুধবার ম্যাচের শেষ দিনে স্বাগতিক দল আট উইকেটে হারায় বরিশালকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 06:36 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

রাজশাহী জয়ের জন্য প্রয়োজনীয় ১৫১ রান ৩৭ দশমিক চার ওভারে দুই ওপেনারকে হারিয়ে তুলে নেয়।

এর আগে অতিথি বরিশাল বিভাগ ৯৩ দশমিক দুই ওভারে ২৩৪ রানে অল আউট হয়ে গেলে রাজশাহীর সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ১৫১ রান। বরিশাল আগেরদিনের পাঁচ উইকেটে ২০৪ রান নিয়ে খেলতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে। মাত্র ৩০ রানের মধ্যেই তারা বাকি পাঁচ উইকেট হারায়।

চতুর্থ দিন বরিশাল বিভাগের পাঁচজন ব্যাটসম্যান দুই অংকের রানই করতে পারেননি।

৫৬ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাওয়া রাজশাহীর সফল বোলার আলমগীর কবির একাই বরিশালের ব্যাটিং লাইন ধসিয়ে দেন। এছাড়া কামরুল হাসান ২৫ রানে দুই উইকেট নিয়ে আলমগীরকে যোগ্য সহায়তা দিয়ে যান।

রাজশাহীর পক্ষে মনিরুজ্জামান ৮৯ বলে দশটি বাউন্ডারি এবং একটি ছয়ের সাহায্যে সর্বোচ্চ ৮০ রান করেন। এছাড়া ফরহাদ ১২৪ বলে ৫১ রান করেন। উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটসম্যান ১২২ রান যোগ করেন। রাজশাহীর দু’টি উইকেটই তুলে নেন আরাফাত সালাহউদ্দিন।

লিগের পরবর্তী রাউন্ডের খেলা শুরু হবে শনিবার থেকে। এই রাউন্ডে ধানমন্ডি স্টেডিয়ামে ঢাকা খেলবে বরিশালের বিরুদ্ধে,  বগুড়া জেলা স্টেডিয়ামে রাজশাহী লড়বে খুলনার বিরুদ্ধে এবং চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক দল খেলবে সিলেটের বিরুদ্ধে।