শ্রীলংকার বিরুদ্ধে প্রথম টেস্টে ডাক পেলেন গাঙ্গুলি
মাদ্রাজে (চেন্নাই) ২ ডিসেম্বর শ্রীলংকার বিরুদ্ধে প্রথম টেস্টে দলে ডাক পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। টেস্ট দলের অধিনায়ক হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণার ২৪ ঘন্টা পর ঘোষিত ১৪ জনের দলে গাঙ্গুলিকে অর্š—ভুক্ত করা হয়।
এদিকে ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় টেস্ট দলে জায়গা করে নিয়েছেন উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনী এবং পেসার রুদ্র প্রতাপ সিং।
শ্রীলংকার বিরুদ্ধে জয়পুরে ওয়ানডে ম্যাচে অনবদ্য ১৮৩ রানই টেস্ট দলে ধোনীর জায়গা পাকাপোক্ত করে দেয়। দিনেশ কার্তিকের পরিবর্তে খেলবেন ধোনী।
ভারতীয় দলের দুই অভিজ্ঞ পেসার জহির খান এবং লক্ষ্মিপতি বালাজির পরিবর্তে নির্বাচকরা ১৯ বছর বয়স্ক রুদ্র প্রতাপ সিংকেই বেছে নিয়েছেন।
কিন্তু দল নির্বাচনের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন অবশ্যই সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। কোচ গ্রেগ চ্যাপেলের সাথে বিতর্কে জড়িয়ে পড়া এবং পরবর্তীতে টেনিস এলবোর ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন গাঙ্গুলি।
নতুন করে দলে তার অর্ন্তভুক্তির ব্যাপারে প্রধান নির্বাচক কিরণ মোরে বলেন, আমরা তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই দেখছি এবং সে দলে ভারসাম্য আনতে সক্ষম।
টেস্টে পাঁচ হাজারেরও বেশি রান এবং ২৫ উইকেট শিকারি গাঙ্গুলির ভারতীয় দলকে দেবার মত এখনও অনেক কিছু রয়েছে। টেস্ট অধিনায়ক হিসেবে দ্রাবিড়ের নাম ঘোষণার পর কলকাতায় গাঙ্গুলি ভক্তরা বিক্ষোভও করেছে।
৪৯ টেস্টে ২১টি জয় নিয়ে গাঙ্গুলিই ভারতের সবচেয়ে সফল অধিনায়ক।
ভারতীয় টেস্ট দল: রাহুল দ্রাবিড় (অধিনায়ক), বীরেন্দ্র শেওয়াগ, গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণ, যুবরাজ সিং, সৌরভ গাঙ্গুলি মোহাম্মদ কাইফ, মহেন্দ্র সিং ধোনী (উইকেট রক্ষক), ইরফান পাঠান, অজিত আগারকার, হরভজন সিং, মুরালি কার্তিক, অনিল কুম্বলে, রুদ্র প্রতাপ সিং।
