২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটের চারদিনের ম্যাচে ঢাকা ও চট্টগ্রামের জয়

ম্যাচের একদিন বাকি থাকতেই ইস্পাহানী মির্জাপুর সপ্তম জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচে জয় পেয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

ধানমন্ডি স্টেডিয়ামে জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ ওমরের অনবদ্য ৯২ রানে ভর করে ঢাকা দুই উইকেটে হারিয়েছে সিলেটকে।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে স্বাগিতক দল ইলিয়াস সানী ও ইয়াসিন আরাফাতের চমৎকার বোলিংয়ে আট উইকেটে হারিয়েছে খুলনাকে।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অপর ম্যাচে বরিশালকে দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অল আউট করে দিয়ে রাজশাহী সুবিধাজনক অবস্থানে রয়েছে। জিততে হলে স্বাগতিকদের দরকার ১২০ রান।

ঢাকা বনাম সিলেট

আগের দিনের ছয় উইকেটে ১২৬ রান নিয়ে খেলতে নেমে সিলেট তৃতীয় দিন ৫৯ ওভারে ১৬৪ রানে সবকটি উইকেট হারায়। সবমিলিয়ে ঢাকার সামনে তারা ২৫৯ রানের টার্গেট ছুঁড়ে দিতে সক্ষম হয়।

ঢাকার স্পিনার মোহাম্মদ রফিক দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রেজাউল হককে ১৫ রানে ফিরিয়ে দেন। রফিক তার দ্বিতীয় ওভারের প্রথম বলেই তুলে নেন ১৮ রান করা গোলাম মওলার উইকেটটি।

তা সত্ত্বেও নবম উইকেট জুটিতে আনিসুর রহমান (আট রান) ও এনামুল হক জুনিয়র ২৩ রান করে দলের লিড কিছুটা বাড়াতে সহায়তা করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ঢাকার সূচনাটা ছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে জাভেদ এবং রাশেদুল হক ১৭৫ রান করে জয়ের ভিত্তি গড়ে দেন। কিন্তু ১৮০ রানের মধ্যে দুই ওপেনারকে হারানোর পর টপাটপ উইকেট পড়তে থাকলে সহজ জয়ের লক্ষ্যও ঢাকার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। ম্যান অব দ্য ম্যাচ জাভেদ ১৫৩ বলে ১৪টি চারের সহায়তায় ৯২ এবং রাশেদুল হক ১৩৬ বলে দশটি চার ও একটি ছয়ের মাধ্যমে ৭৮ রান করেন।

এরপর জাতীয় দলের সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি এক প্রান্ত আগলে রেখে ৪২ রান করলেও অন্যপ্রান্তে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ১৩ রান করে ইমতিয়াজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। একে একে ফিরে যান এছাড়া সানোয়ার হোসেন, খালেদ মাহমুদ, মোহাম্মদ রফিক। চারটি উইকেটই তুলে নেন এনামুল হক জুনিয়র।

অলক কাপালী অল্প সময়ের মধ্যে মেহরাব হোসেন অপি এবং সাজ্জাদ কাদিরের উইকেট দু’টি তুলে নিলে ঢাকার জয় শংকার মধ্যে পড়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত দুই পেসার আনোয়ার হোসেন মনির এবং শাহাদত হোসেন রাজিব বিপদ থেকে উদ্ধার করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

প্রথম ইনিংসে এক উইকেট নেয়া এনামুল হক জুনিয়র দ্বিতীয় ইনিংসে ৭৫ রান দিয়ে লাভ করেন পাঁচ উইকেট।

চট্টগ্রাম বনাম খুলনা

খুলনার প্রথম ইনিংসে ১৯২ রানের জবাবে চট্টগ্রাম আগের দিনের সাত উইকেটে ৩৮০ রান নিয়ে দিনের খেলা শুরু করে এবং ১৩৩ ওভারে ৪১০ রানে তাদের প্রথম ইনিংস শেষ হয়। প্রথম ইনিংসে স্বাগতিকদের লিড দাঁড়ায় ২১৮ রানের।

আগের দিন তিন উইকেট নেয়া পেসার জিয়াউর রহমান শেষ পর্যন্ত ১০৩ রানে পাঁচ উইকেট নিয়ে তার অভিযান শেষ করেন।

খুলনা প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে। ৬৯ দশমিক দুই ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা ২৫৮ রানের স্কোর গড়তে সক্ষম হয়। চট্টগ্রামের সামনে জয়ের লক্ষ্যমাত্র দাঁড়ায় ৪১ রানের।

স্বাগতিকরা পাঁচ দশমিক তিন ওভারেই জয় তুলে নিলেও এর জন্য তাদের দু’টি উইকেট বিসর্জন দিতে হয়। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাফিস ইকবাল ১০ এবং আফতাব আহমেদ আট রান করে আউট হন। এছাড়া মাসুমউদ্দৌলা নয় এবং এহসানুল হক ১৪ রানে অপরাজিত থাকেন। চট্টগ্রামের দু’টি উইকেটই লাভ করেন আল আমিন।

খুলনার অধিনায়ক হাবিবুল বাশার প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও সর্বোচ্চ রানের ইনিংস খেলেন। বাশার ৯৩ বলে ছয়টি চারের মাধ্যমে ৫৪ রান করেন। এছাড়া তুষার ইমরান ৩৯, হাসানুজ্জামান ৩৩, মাঞ্জারুল ইসলাম রানা ৩২ এবং জিয়াউর রহমান ২৫ রান করেন।

চট্টগ্রামের স্পিনার ইলিয়াস সানী খুলনার দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ব্যাটিং লাইনে ধস নামান। সব মিলিয়ে তার সংগ্রহ দাঁড়িয়েছে ৯২ রানে নয় উইকেট। ইয়াসিন আরাফাত ৪৩ রানে দখল করেন চার উইকেট।

রাজশাহী বনাম বরিশাল

বরিশালের ২২৩ রানের জবাবে রাজশাহী তিন উইকেটে ২৩৮ রান নিয়ে খেলতে নেমে শেষ পর্যন্ত ৯৯ ওভারে ৩০৭ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। প্রথম ইনিংসে তাদের লিড দাঁড়ায় ৮৪ রানের।

আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান আনিসুর রহমান তার ১০৩ রানের সাথে আর মাত্র পাঁচ রান যোগ করতে সক্ষম হন। এছাড়া আরেক অপরাজিত ব্যাটসম্যান হাসানুজ্জামান আগের দিনের ৮১ রানেই প্যাভিলিয়নে ফিরে যান। এছাড়া অধিনায়ক খালেদ মাসুদ ২৯ ও নুরুজ্জামান অপরাজিত ১৫ রান করেন।

হান্নান সরকার ৩৬ রানে তিন উইকেট লাভ করেন। গোলাম রহমান ৭৯ রানে নেন চার উইকেট।

তৃতীয় দিন শেষে বরিশাল দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট খুইয়ে সংগ্রহ করেছে ২০৪ রান। নাসিরউদ্দিন ফারুক ৪৩ এবং হুমায়ুন কবির ছয় রানে অপরাজিত রয়েছেন।

অধিনায়ক শাহরিয়ার নাফিস ৯৪ বলে দশটি চারের সহায়তায় ৮৩ এবং হান্নান সরকার ৩৬ রান করেন। আলমগীর কবির ৪৯ রানে নেন চার উইকেট।