এএফসি অনুর্ধ্ব ১৭ ফুটবলে শ্রীলংকার বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার এএফসি অনুর্ধ্ব ১৭ ফুটবল চ্যাম্পিয়নশীপের হোম ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ শ্রীলংকাকে ৩--০ গোলে বড় ব্যবধানে হারিয়েছে। একতরফা ম্যাচে বাংলাদেশের তৌহিদুল আলম সবুজ, আলমগীর কবির এবং জহুরুল ইসলাম একটি করে গোল করেন।
একই প্রতিপক্ষের বিরুদ্ধে কলম্বোতে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচ খেলবে ২৫ নভেম্বর।
টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে খেলতে হলে বাংলাদেশের প্রয়োজন ড্র, অন্যদিকে বাংলাদেশকে ৪--০ গোলে হারিয়ে শ্রীলংকাকে চুড়ান্ত পর্বে খেলতে হবে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ মাহমুদ হোসেন রক্সি তার সন্তুষ্টি প্রকাশ করেন, এবং তার পরিকল্পনা মাফিক খেলার জন্য সমস্ত কৃতিত্ব দেন মিডফিল্ডারদের।
জাতীয় দলের সাবেক এই ফুটবলার বলেন, প্রথমার্ধে ৩--০ গোলের লিড নেয়ার পরও দল আরও বড় ব্যবধানে জিততে পারত, কিন্তু দ্বিতীয়ার্ধে কয়েকজন খেলোয়াড় পরিবর্তন দলের কম্বিনেশনে প্রভাব ফেলে। কোচ রক্সি শ্রীলংকায়ও দলের জয়ের ব্যাপারে আশাবাদী।
শ্রীলংকার কোচ ডি চন্দ্রসিড়ি এই জয়ে বাংলাদেশ দলের জুনিয়র খেলোয়াড়দের উজ্জীবিত পারফরম্যান্সের প্রশংসা করেন।
শ্রীলংকার কোচ বাংলাদেশের প্রশংসার পাশাপাশি নিজ দলের ব্যর্থতার কারনও খুঁজে দেখেছেন। তিনি বলেন, তার দল ফ্লাড লাইটে খেলতে অভ্যস্ত নয়, তবে দেশের মাটিতে তার দল বাংলাদেশকে হারানোর চেষ্টা করবে বলে জানান ঢাকার মাঠের একসময়ের পরিচিত মুখ চন্দ্রসিড়ি।
ম্যাচের ১২ মিনিটেই গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তৌহিদ। বাঁ প্রান্ত দিয়ে বাড়িয়ে দেয়া জহুরুলের ক্রসটি শ্রীলংকার গোলরক্ষক পারানাবিথানা এবং দুইজন ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে আলতো টোকায় বল জালে পাঠিয়ে দেন তৌহিদ (১--০)।
পাঁচ মিনিট পর ৩৫ গজ দুর থেকে বাঁ পায়ের তীব্র শটে প্রতিপক্ষের গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন আলমগীর কবির (২--০)।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে সারফিন রহমানের ক্রস করা বলে মাথা ছুঁয়ে তৃতীয় এবং শেষ গোলটি করেন জহুরুল ইসলাম।
এরপরও বাংলাদেশ একটি পেনাল্টিসহ অন্তত পাঁচটি সহজ গোলের সুযোগ পেলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা আলোর মুখ দেখেনি।
অন্যদিকে শ্রীলংকা ২৪ ও ৭০ মিনিটে দু’টি গোলের সুযোগ নষ্ট করে।
