জাতীয় ক্রিকেট লিগে নাফিস, আনিসুরের প্রথম সেঞ্চুরি
ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন ট্টগ্রামের নাফিস ইকবাল। সোমবার নফিসের সেঞ্চুরিতে ভর করে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকরা খুলনার বিরুদ্ধে চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনই নিজেদের নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করেছে।
খুলনার প্রথম ইনিংসে করা ১৯২ রানের জবাবে চট্টগ্রাম দিন শেষে সাত উইকেট খুইয়ে ৩৮০ রান করে ১৯৮ রানে এগিয়ে গেছে।
নিজেদের মাঠে রাজশাহীও অতিথি বরিশালের বিরুদ্ধে চালকের আসনে বসে গেছে। দিন শেষে আনিস রহমান অপরাজিত সেঞ্চুরি এবং হাসানুজ্জামান রোজেল ৮১ রানে অপরাজিত রয়েছেন। বরিশালের ২২৩ রানের জবাবে রাজশাহীর সংগ্রহ তিন উইকেটে ১৩৮ রান। লিড ১৫ রানের।
ধানমন্ডি ক্রিকেট মাঠে অবশ্য ঢাকা লিড নিতে পারেনি। ঢাকা তাদের প্রথম ইনিংসে ১৩১ রানে অল আউট হয়ে গেলে উল্টো ১১৪ রানের লিড নেয় সিলেট। দিনশেষে সিলেট তাদের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট হারিয়ে তুলেছে ১২৬ রান। সবমিলিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ২৪০ রানের।
চট্টগ্রাম বনাম খুলনা
এক উইকেটে ১২০ রান নিয়ে খেলতে নেমে চট্টগ্রাম ২৬০ রানের মধ্যে বাকি ছয় উইকেট হারায়। দিন শেষে স্বাগতিক দল সাত উইকেট খুইয়ে ৩৮০ রান সংগ্রহ করেছে।
আগের দিন ৬৩ রানে অপরাজিত ব্যাটসম্যান নাফিস ইকবাল দ্বিতীয় দিন ১৭৫ বলে ১৩টি চারের সহায়তায় ১০০ রান করে এবারের লিগে প্রথম সেঞ্চুরি হাঁকানোর গৌরব লাভ করেন। নাইটওয়াচম্যান আফতাব আহমেদ আটটি চার ও একটি ছয়ের সাহয্যে করেন ৬৪ রান। দ্বিতীয় উইকেট জুটিতে জাতীয় দলের এই দুই ব্যাটসম্যান ১২৫ রান যোগ করেন।
চট্টগ্রামের এহসানুল হক ১৯৫ বলে ৮৫ এবং ওয়াসেলউদ্দিন ১৫১ বলে ৭৪ রান করেন। সাদিদ হোসেন খান ২১ এবং ইয়াসিন আরাফাত দুই রানে অপরাজিত রয়েছেন।
রাজশাহী বনাম বরিশাল
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অতিথি বরিশাল ১৮১ রান নিয়ে দিনের খেলা শুরু করলেও শেষ পর্যন্ত ২২৩ রানে তাদের প্রথম ইনিংস শেষ হয়। দুই উদ্বোধনী ব্যাটসম্যান যথাক্রমে ৩৮ এবং ৩২ রানে আউট হন।
আলমগীর কবির ৫৯ রানে তিন এবং শাহাজাদা ৩৮ রানে তিন উইকেট লাভ করেন।
নিজেদের মাঠে খেলার সুবিধা পেলেও রাজশাহী ব্যাট করতে নেমে ৪৮ রানে তিন উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে আনিসুর রহমান ও হাসানুজ্জামান ১৯০ রানের পার্টনারশীপ গড়ে দলের বিপর্যয় রোধ করেন।
আনিসুর ১৮৮ বলে ১৩টি চারের সহায়তায় অপরাজিত ১০৩ এবং হাসানুজ্জামান ১৫৩ বলে ১১টি চারের সাধ্যমে ৮১ রানে অপরাজিত রয়েছেন।
ঢাকা বনাম সিলেট
ধানমন্ডি মাঠে আগের দিনের এক উইকেট আট নিয়ে খেলতে নেমে ঢাকা আশিকুর রহমানের মারাত্মক বোলিংয়ে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায়। আশিকুর রহমান ৪৬ রানের বিনিময়ে ছয় উইকেট তুলে নিয়ে ঢাকার প্রথম ইনিংস মুড়ে দেন।
জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ ওমর ২৭ ও সানোয়ার হোসেন ২২ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করেন। মোহাম্মদ আশরাফুল নয় এবং খালেদ মাহমুদ ১২ রান করেন।
ঢাকার আট ব্যাটসম্যান উইকেট রক্ষক গোলাম মাহমুদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। দু’জন হয়েছেন এলবিডব্লিউ। সিলেটের রেজাউল হক ৩০ রানে নেন দুই উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে রাজিন সালেহ’র ৩৩ এবং মনিরুজ্জামানের ৪৭ রানে ভর করে সিলেট সাত উইকেটে ১২৬ রান করে।
সিলেট প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ১৩ রানে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ের মধ্যে পড়ে। কিন্তু ওপেনার মনিরুজ্জামান এবং অধিনায়ক রাজিন সালেহ তৃতীয় উইকেট জুটিতে ৫৮ রান করে কিছুটা হলেও বিপর্যয় সামাল দিতে সমর্থ হন।
দলীয় ১০২ রানের মাথায় সিলেট পঞ্চম ও ষষ্ঠ উইকেট হারায়। দিনশেষে গোলাম মওলা ১৮ এবং ররেজাউল হক ১৫ রানে অপরাজিত রয়েছেন।
