২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফয়সালাবাদে লড়ছে ইংল্যান্ড

ফয়সালাবাদ টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের ব্যাটিং অন্তত প্রথম দিনের মত হয়নি। প্রথম দিন চার উইকেটে ৩০০ রান নিয়ে খেলতে নামলেও ইংলিশ বোলাররা ফয়সালাবাদের মরা পিচকে রীতিমত নিজেদের মত করে তৈরী করে নেয়। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ইনজামাম (৮০) এবং আফ্রিদি (৬৭) দিনের সূচনা করেন আত্মবিশ্বাস নিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

কিন্তু হগার্ড, হার্মিসন আর ফ্লিনটফ ম্যাচের দ্বিতীয় দিনে এসে পাকিস্তানের আত্মবিশ্বাসে চির ধরাতে সক্ষম হন।

দলীয় ৩৪৬ রানে আফ্রিদি সেঞ্চুরি থেকে আট রান দুরে থাকতে হগার্ডের বলে ট্রেসকোতিকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। সমাপ্তি ঘটে আরেকটি আফ্রিদি ঝড়ের। অন্যদিকে অধিনায়ক ইনজামাম ধৈর্য্যশীল ব্যাটিংয়ের দৃষ্টান্ত দেখিয়ে তার ২৩ তম টেস্ট সেঞ্চুরি পূরণ করে ফেলেন। ১৮৭ বলে ১২টি চারের মাধ্যমে ইনজির শতক পূর্ন হয়।

এরপর পাক উইকেট রক্ষক কামরান আকমল আর ইনজামামের জুটিও জমে ওঠে। কিন্তু ২৩ রান পর হার্মিসনের থ্রোতে ইনজামাম দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হয়ে গেলে এই জুটি বেশি দুর এগুতে পারেনি। পাকিস্তানি অধিনায়ক ঠিক ২০০ বল মোকাবেলায় ১৩টি চারের সহায়তায় ১০৯ রান করেন।

শেষ দিকে পেসার রানা নভেদের ২২ বলে তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে করা  দ্রুতগতির ২৫ রান, মোহাম্মদ সামির কার্যকর ১৮ এবং শোয়েব আখতারের ১২ রানে স্বাগতিকদের প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়ায় ৪৬২।

ফয়সালাবাদের এই নি®প্রাণ পিচেই দুরন্ত বোলিং করে ৮৫ রান খরচায় তিন উইকেট তুলে নেন হার্মিসন। এছাড়া হগার্ড ১১৫ রানে এবং অ্যাশলি জাইলস ৮৫ রানে দু’টি করে উইকেট দখল করেন।

পাকিস্তানের প্রথম ইনিংসের রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে সফরকারীরা। ৩৯ রানের মধ্যে দুই উইকেট তুলে নেন পাক পেসার রানা নভেদ। দলীয় ৩৩ রানে স্ট্রস (১২ রান) এবং ৩৯ রানে অধিনায়কের মাইকেল ভনের (দুই রান) স্ট্যাম্প উপড়ে ফেলেন রানা।

এরপর তৃতীয় উইকেট জুটিতে ওপেনার ট্রেসকোথিক এবং ইয়ান বেল ৬৮ রান যোগ করে সে যাত্রা দলের বিপর্যয় সামাল দেন। কিন্তু দলের ১০৭ রানে ট্রেসকোথিককে আউট করে দিনের শেষ বেলায় পাকিস্তানকে খেলায় ফিরিয়ে আনেন পেসার মোহাম্মদ সামি। ট্রেসকোথিক ১১৫ বলে আটটি চারের মাধ্যমে ৪৮ রান করে উইকেটের পেছনে কামরানের হাতে ক্যাচ তুলে দেন।

দিনের বাকিটা সময় ইয়ান বেল (৩৬ রান) এবং কেভিন পিটারসেন (৪ রান) অবিচ্ছিন্ন থেকে কাটিয়ে দেন। ৩৪৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন তারা।