কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর নামে যাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র
কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকির লুইভিলে স্থাপিত যাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আগত নামকরা ব্যক্তিরা রোববারের দ্য মোহাম্মদ আলী সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এক বিবৃতিতে মোহাম্মদ আলী (৬৩) বলেন, মানুষ যাই পছন্দ করুক না কেন, আমি আমার সেরাটা দিয়েই তাদেরকে উৎসাহিত করতে চেয়েছি।
তিনি বলেন, আমি একজন সাধারণ মানুষ। আমাকে যে মেধা দেয়া হয়েছিল, তা উন্নত করতে আমি কঠোর পরিশ্রম করেছি। আমি আমাকে অন্যের মধ্যে ভাল গুনকে বিশ্বাস করি।
৭৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে সেন্টারটি গড়ে তোলা হয়েছে।
আড়াই ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীতানুষ্ঠান, পুতুল খেলা ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছিল।
ক্লিনটন সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন সম্পর্কে বলতে গিয়ে বলেন, আপনার কারণে পৃথিবী বাস করার জন্য আরও বেশি উপযুক্ত। আপনি আমাদের যোদ্ধা হিসেবে অনুপ্রাণিত করেছেন। আর শান্তি, সমঝোতা, বোঝাপড়া এবং সম্মানের ক্ষেত্রে শক্তি হিসেবে আপনি আমাদের আরও বেশি উৎসাহিত করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি, জিম ক্যারি, ক্রিস টাকার, স্যার ডেভিড ফ্রস্ট, ক্রিস ক্রিস্টোফারসন, জেম্স টেলর, ইভান্ডার হলিফিল্ড, লেনক্স লুইস ও আলীর স্ত্রী লোনি উপস্থিত ছিলেন।
আলী মুষ্টিযুদ্ধে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। তবে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সেনাবাহিনীতে যোগদান করতে অস্বীকৃতি জানানোয় তার টাইটেল কেড়ে নেয়া হয়। অবশ্য ওই সিদ্ধান্তের কারণেই সারা বিশ্বের কাছে আলী আরও জনপ্রিয় হয়েছেন।
সোমবার সেন্টারটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
