আফ্রো এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ
ভারতে অনুষ্ঠিত অনুর্ধ্ব- ১৯ আফ্রো এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। বিশাখাপত্তমের পোর্ট স্টেডিয়ামে রোববার বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে আট উইকেটে হেরেছে।
বাংলাদেশ শনিবার তাদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিরুদ্ধে চার উইকেটে পরাজিত হয়।
রোববারের ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪৬ দশমিক পাঁচ ওভারে ১৭৫ রান করে। জবাবে শ্রীলংকা ৩২ দশমিক এক ওভারে দুই উইকেট হারিয়ে ১৭৮ রান করে।
বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ বলে সর্বোচ্চ ৪২ রান করেন জাতীয় দলের ওপেনার নাফিস ইকবালের ছোট ভাই তামিম ইকবাল। তামিমের এই ইনিংসে ছয়টি চার এবং একটি ছয়ের মার ছিল।
আরেক ওপেনিং ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়র করেন ৩৭ রান। এই দুজন প্রথম উইকেট জুটিতে ৫৮ রান সংগ্রহ করেন। কিন্তু ১১৪ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর বাংলাদেশের ধস শুরু হয়। পরে শুধু অল রাউন্ডার সাকিব ২৭ রান করেন।
শ্রীলংকার পেসার করুণা নায়েকে ২৬ রানে চার এবং স্পিনার রাজিবা বিরেসিঙ্গে ৩৪ রানে তিন উইকেট লাভ করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলংকার দুই ওপেনিং ব্যাটসম্যান ডি করুণা এবং সামীরা সয়সা ১০ দশমিক পাঁচ ওভারে ৭৬ রান তুলে জয়ের ভিত রচনা করে দেন। করুণা ৮৪ বলে আটটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৭৮ রান করেন।
টুর্নামেন্টের অপর দুই প্রতিযোগি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
