ফয়সালাবাদ টেস্টের প্রথম দিনেই দৃঢ় অবস্থানে পাকিস্তান
টসে জিতে পাকিস্তানি অধিনায়ক ইনজামামের ব্যাটিংয়ের সিদ্ধান্ত কিছুটা ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল। অবশ্য দুই উদ্বোধনী ব্যাটসম্যান শোয়েব মালিক আর সালমান বাটের সূচনাটা এক অর্থে ভালোই বলতে হয়।
এই জুটির ৫৩ থেকে ৭৩ রানের মধ্যে ছোটখাট একটা ঝড় ছাড়া ফয়সালাবাদ টেস্টের প্রথম দিনটা পাকিস্তান নিজেদের মত করেই পার করেছে। দিন শেষে রান উঠেছে ৩০০ আর খোয়া গেছে চার উইকেট। উইকেটে আছেন ইনজামাম ৮০ রান নিয়ে আর শহীদ আফ্রিদি ৬৭ রান নিয়ে।
প্রথম টেস্টে নাটকীয়ভাবে ২২ রানে হেরে এমনিতেই মানসিকভাবে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। তারপর আবার প্রথম দিনে স্বাগিতকদের এমন দুরন্ত ব্যাটিং। ইংলিশ দলের টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ বাড়তেই পারে।
টসে জিতে ইনজামাম ব্যাটিংয়ে ঠেলে দেন দুই ওপেনার শোয়েব মালিক আর সালমান বাটকে। ১৪ ওভার পর্যন্ত ভালোই সামাল দিয়েছেন এই দুই ব্যাটসম্যান। সালমানের ব্যাট পরীক্ষিত। কিন্তু ফয়সালাবাদে তিনিই আউট হলেন আগে। দলীয় ৫৩ রানে হগার্ডের বলে ফ্লিনটফের হাতে ক্যাচ তুলে দেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান সালমান (২৬ রান)।
উইকেটে আসেন ইউনিস খান। কিন্তু সবে মাত্র সাত রান করেছেন, ঠিকমত বল বুঝেও উঠতে পারেননি। স্কোর বোর্ডে দলের রানের সাথে যোগ হয়েছে দশ রান। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ফ্লিনটফের বলে পিটারসেনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ইউনিস।
আরও দশ রান পর শোয়েব মালিকও ইউনিসের পথ অনুসরন করেন (২৭ রান)। হার্মিসনের বলে উইকেটের পেছনে তার ক্যাচটি লুফে নেন জোন্স।
এরপরই পাক অধিনায়ক ইনজামাম আর প্রথম টেস্টের উভয় ইনিংসেই ব্যর্থ মোহাম্মদ ইউসুফের ব্যাটে ইংলিশ বোলারদের নাকাল হওয়ার পালা।
ইংরিশ অধিনায়ক মাইকেল ভনের সব পরিকল্পনা আর বোলারদের সব আক্রমন ভেস্তে দিয়ে চতুর্থ উইকেট জুটিতে এই দুই ব্যাটিং জিনিয়াস ১২৮ রান তুলে নেন। ৭৩ থেকে দলের রানকে ২০১ পর্যন্ত টেনে নিয়ে যান তারা।
ধর্মান্তরিত হওয়ার অনেকদিন পর ভালো একটি ইনিংস খেললেন ইউসুফ। ১৪৩ বলে আটটি চার ও দু’টি ছক্কার মাধ্যমে সাজানো তার ৭৮ রানের ইনিংসটির সমাপ্তি ঘটান ইয়ান বেল। নিজের বলে নিজেই ইউসুফের ক্যাচ নেন বেল।
ইনজামামের সাথে জুটি বাধেন হার্ডহিটিং শহীদ আফ্রিদি। এসেই স্বভাবসুলভ ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন। দিনের শেষভাগে এসে আফ্রিদি ঝড়ে দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ডের বোলিং ডিপার্টমেন্ট।
আফ্রিদি রীতিমত ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৬২ বলে পাঁচটি চার ও চার ছয়ে ৬৭ রান করেন। আর অন্যপ্রান্তে অধিনায়ক ইনজামাম ১৫৯ বলে আটটি বাউন্ডারির সাহায়তায় ৮০ রানে অপরাজিত রয়েছেন।
