২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি অনুর্ধ্ব ১৭ ফুটবলে জয় পেতে চায় বাংলাদেশ, শ্রীলংকা

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার এএফসি অনুর্ধ্ব ১৭ ফুটবল চ্যাম্পিয়নশীপের বাছাই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলংকা উভয়ই জয় পেতে আগ্রহী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

রোববার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ মাহমুদ হোসেন রক্সি দলের জন্য প্রয়োজনীয় জয়ের কথাটা সরাসরি বললেন। তিনি বলেন, আমরা জয়ের জন্যই খেলব। ফরোয়ার্ড লাইনে কিছুটা দুর্বলতা থাকলেও আমাদের দল যথেষ্ট ব্যালান্সড।

তিনি বলেন, অনুর্ধ্ব ২০ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে আমরা ফাঁকা পোষ্টে কম করে হলেও পাঁচটি সুযোগ নষ্ট করেছি।

১৯৮৫-৮৬ পর্যন্ত আবাহনী এবং ১৯৮৬-৮৭ পর্যন্ত ধানমন্ডি ক্লাবের হয়ে গোল রক্ষকের দায়িত্ব পালন করা ডি চন্দ্রসিড়ি সফরকারী শ্রীলংকা অনুর্ধ্ব ১৭ দলের কোচ। সোমবারের ম্যাচ সম্পর্কে তিনি বলেন, আমাদের দলটা যথেষ্ট ব্যালান্সড এবং আমরা এখানে জয়ের জন্যই এসেছি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তার দলের গোল রক্ষক এবং ডিফেন্স বেশ শক্তিশালী। তার দল ৪-৪-২ পদ্ধতিতে খেলবে বলে জানালেন ঢাকার মাঠের পরিচিত এই খেলোয়াড়।

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশ ২৫ নভেম্বর কলম্বোর সিআর অ্যান্ড এফসি মাঠে তাদের অ্যাওয়ে ম্যাচ খেলবে।

বাংলাদেশ দলের কোচ রক্সি বলেন, ঢাকায় জিততে পারলে কলম্বোর ম্যাচে আমরাই এগিয়ে থাকব। সুতরাং দেশের মাটিতে জিতে এগিয়ে যাওয়ার সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না। 

২০ সদস্যের বাংলাদেশ দলে দুই গোল রক্ষক, তিন ফরোয়ার্ড, সাত মিডফিল্ডার এবং আট ডিফেন্ডার রয়েছেন।

নিজেদের মাঠে বাংলাদেশ ৪-৪-২ পদ্ধতিতে খেললেও কলম্বোর ভিন্ন পরিবেশে এই পদ্ধতি বদলে যেতে পারে।

বাংলাদেশ দল: তৌহিদুল ইসলাম (অধিনায়ক), মোনায়েম খান রাজু (সহ অধিনায়ক), মাকসুদুর রহমান, নেহাল, পিন্টু কুমার দাশ, রাসেল আলম, এসএম মোজাদ্দেক হোসেন রাসেল, মোস্তাফিজুর রহমান সৈকত, মফিজুর রহমান জনি, নুরুল ইসলাম, রবিন হাসান, মাহফুজুর রহমান বাবু, আলমগীর কবীর রানা, মেজবাবুল হক মানিক, ইমতিয়াজ সুলতান জিতু, মোবারক হোসেন ভূঁঞা, সারফন রহমান, ইমন মাহমুদ, জহুরল ইসলাম, এবিএম সাব্বির মাহমুদ।

কর্মকর্তা: আজফারুজ্জামান সোহরাব (দলনেতা), নাজির আহমেদ অলোক (ম্যানেজার), মাহমুদ হাসান রক্সি (কোচ), এস জেড ইউসুফ (সহকারী কোচ) এবং আলী ইমরান (চিকিৎসক)।

শ্রীলংকা দল: পিডিডিপি পারানাবিথানা, রাজাপাকসা, সঞ্জীবা সিলভা, লাকমাল বিরাক্কোডে, গায়ান পেরেরা, হারসানা দিমাল, এসএম ইমরান, থারিনদু রুকমাল, হিজাজ মোহাম্মদ, মোহাম্মদ ইরশাদ, নাইজার ফয়সাল, দিবেন্দ্র বান্দারা, এমএনআর মোহাম্মদ, সুদর্শনা, থারাঙ্গা কুমারা, পেইরিস, মুবারিস এবং মোহাম্মদ জিয়ার্দ। স্ট্যান্ডবাই: সারাজুদিন, সুরাঙ্গা, এসএ মোহাম্মদ এবং রোশান মাদুশাঙ্কা।

কর্মকর্তা: আরপি কুলাসিরি (ম্যানেজার), ডি চন্দ্রসিড়ি (কোচ) এবং ললিত পেরেরা (সহকারী কোচ)।